ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীবাহী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির সাতটি আসন পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি)।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে আখাউড়া-সিলেটমুখী ২০২/১ আপ সান্টিং নেকে (রেলওয়ের নির্ধারিত সান্টিং লাইন) অবস্থান করছিল তিতাস কমিউটার ট্রেনটি। এ সময় দুর্বৃত্তরা ট্রেনটির একটি বগিতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বগিটির সাতটি আসন পুড়ে যায়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তাঁদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনটি।
ঘটনার পরপরই ট্রেনের রেকের কাছ থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে আরএনবি ও জিআরপি। পরে তাঁদের রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে সকাল ৬:টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
পড়ুন : সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি
সা/


