মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের উত্তরপাড়ায় তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ স্লোগান লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১১ নভেম্বর) ভোরে এসব বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোভীপুর উত্তরপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে খোকনের বাড়ির পাশে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমীনের বাড়ির পাশে একটি এবং আয়োব নবীর ছেলে মিজানুর রহমানের বাড়ির পাশে একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো দেখতে পেয়ে প্রথমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনটি বস্তু উদ্ধার করে। এ সময় সাদা কাগজে ‘জয় বাংলা’ স্লোগান লেখা একটি চিরকুটও পাওয়া যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু তিনটি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পড়ুন : আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা
সা/


