বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামীম ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। একই দিন থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।
বিটিএমএর এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
ঘোষণায় বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে বিটিএমএর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালনা পর্ষদের জরুরি সভায় মো. শামীম ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
মো. শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেড ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দেশের বস্ত্রশিল্প খাতের একজন উদ্যোক্তা।
এদিকে বিটিএমএর ‘এ’ ক্যাটাগরির ভাইস প্রেসিডেন্ট পদে শূন্যতা পূরণে সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি একই ক্যাটাগরির পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামকে।
পড়ুন:সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা
ইমি/


