সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভূঁইয়াগাতি, নিমগাছি ও চান্দাইকোনা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।
অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
তদারকিতে গ্যাস সিলিন্ডারের মজুদ তথ্য গোপন করে অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, এলপিজি গ্যাস বিক্রির বিস্ফোরক লাইসেন্স না থাকা, মূল্যতালিকা ও ক্রয় রসিদ সংরক্ষণ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স ছোয়া স্টোরের মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০ হাজার টাকা এবং মেসার্স নাফিউ এন্ড সজীব ট্রেডার্সের মালিক মোঃ ইয়াসিন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাজারে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআরবি-১২-এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন : নেশা করতে বাঁধা দেওয়াই স্ত্রীর শরীর এসিড দিয়ে ঝলসে দিল স্বামী


