দেশের ব্যান্ড সংগীতের পরিচিত মুখ শেখ সাহেদ আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শেখ সাহেদ। দীর্ঘদিন ধরে স্ট্রোক, হেপাটাইটিস সি ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। এর মধ্যে সবশেষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নব্বইয়ের দশক থেকেই বাংলা ব্যান্ড সংগীতে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন শেখ সাহেদ। তিনি ছিলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও ব্যাপক পরিচিতি ছিল এই শিল্পীর।
১৯৯১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের উপহার দিয়েছেন মোট ছয়টি অ্যালবাম। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
শারীরিক অসুস্থতা ও নানা জটিলতার কারণে দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি করা তার ২৪টি নতুন গান আর প্রকাশের মুখ দেখেনি।
গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডের মাধ্যমে গানগুলো শ্রোতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সেই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
পড়ুন : চোটের মিছিলে ফ্রান্স, ছিটকে গেলেন এমবাপেও


