শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর, ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন সরদার এবং আওয়ামী লীগ নেতা ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার চারজনই মামলার এজাহারনামীয় আসামি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু


