ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৬ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ বাঁশতলা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। শুক্রবার বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘শহীদ মিনার’ নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। এসময় আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় ০১ জন মানব পাচারকারীকেও আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন তা খতিয়ে দেখছে বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন : আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২১


