কালিয়াকৈরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর বেনুপুর কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মৃত ব্যক্তিদের স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে তিনটি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন তাঁরা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। প্রিয়জনদের কবরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্বজনরা।

এলাকাবাসী জানান, আশাপুর বেনুপুর কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের ঘটনা ঘটলেও জড়িতদের শনাক্ত করতে না পারায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, রাতের বেলায় কবরস্থানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা এমন অপরাধ করার সুযোগ পাচ্ছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এনায়েত হোসেন গজনবী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি কবরস্থানের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত পাহারাদার নিয়োগ, সীমানাপ্রাচীর নির্মাণ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কঙ্কাল চুরির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

স্থানীয়দের মতে, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও স্পর্শকাতর। এ ধরনের ঘটনা মৃত ব্যক্তিদের প্রতি অসম্মান প্রদর্শনের পাশাপাশি স্বজনদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তাই ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, “কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন