অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

সাথি রানি ও দিলারা আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়ে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ের দেওয়া ১৩০ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে সহজেই পেরিয়ে গেছে টাইগ্রেসরা। ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন দুই ওপেনারই।

শুক্রবার আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওমানের আজমাইনে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন নাহিদা আক্তারের দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র চারবার।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর এটিই বাংলাদেশের প্রথম জয়। মাঝের পাঁচ ম্যাচের চারটিতে পরাজিত হয়েছিল দলটি। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

১৩২ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথি রানি। ইনিংসের প্রথম দুই বলে ওয়াইড থেকে পাঁচ রান পাওয়ার পর প্রথম বৈধ বলেই বাউন্ডারি হাঁকান দিলারা। এরপর দুই ব্যাটারের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের ইনিংস।

প্রথম ছয় ওভারেই বিনা উইকেটে ৪৮ রান তুলে নেয় বাংলাদেশ। পরবর্তী সময়েও রান তোলার গতি ধরে রাখেন দুই ওপেনার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়।

দলীয় সংগ্রহ শতরান পার হওয়ার পর বিদায় নেন সাথি রানি। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। প্রায় ২৫ মাস পর এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় দলে ফেরা ২৮ বছর বয়সী এই ওপেনারের জন্য এটি ছিল ক্যারিয়ারসেরা ইনিংস।

সাথির বিদায়ে শেষ হয় ১০৪ রানের উদ্বোধনী জুটি। নারী টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি মিলে ১০৩ রান করেছিলেন।

অন্য প্রান্তে অবিচল থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দিলারা। ৮টি চারের সাহায্যে ৪৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৪৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতক। একই সঙ্গে নিজের আগের সর্বোচ্চ ৫১ রানের ইনিংসকেও ছাড়িয়ে যান এই ওপেনার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও দুই ওপেনার কেলিস দলুভু ও বিলাভড বিজা বড় ইনিংস খেলতে পারেননি।

সপ্তম ওভারে বিলাভড বিজাকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান। পরের দুই ওভারে সাজঘরে ফেরেন দলুভু ও শার্ন মেয়ার্স।

এরপর চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন চিপো মুগেরি-তিরিপানো ও জোসেফিন কোমো। তিরিপানো ৩০ বলে ৪০ রান করেন। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। অন্যদিকে কোমো ২৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় করেন ৩৩ রান।

শেষ দিকে নিয়াশা গুয়ানজুরার ৫ বলে ১১ রানের ক্যামিওতে ১২৯ রানে পৌঁছায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ২৬ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দিশা বিশ্বাস দুটি এবং রিতু একটি উইকেট শিকার করেন।

তবে বোলারদের গড়ে দেওয়া লড়াইয়ের পুঁজি দিলারা ও সাথির ব্যাটিংয়ের সামনে যথেষ্ট হয়নি।

আজমাইনেই আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

পড়ুন : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন