সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও দেশের প্রতি অবদান নিয়ে প্রকাশ করা হবে বিশেষ স্মারকগ্রন্থ।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা এতে অংশ নেবেন।
স্মরণসভাকে তাৎপর্যপূর্ণ করে তুলতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক আদর্শ, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায়ও তুলে ধরা হবে।
এ লক্ষ্যে রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবীসহ খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা চাওয়া হয়েছে।
স্মারকগ্রন্থের জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন। এ ছাড়া সংসদীয় রাজনীতিতে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা ও সুশাসন নিয়েও লেখা জমা দেওয়া যাবে।
পাশাপাশি তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যক্ষ স্মৃতিচারণা, জীবনের অজানা অধ্যায়, অন্তিম সময়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব, নান্দনিকতা ও আত্মমর্যাদাবোধ নিয়েও লেখার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হওয়া আবশ্যক। আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে nagorikshoronshova@gmail.com ই-মেইল ঠিকানায় লেখা পাঠাতে হবে। সম্পাদকীয় পর্যালোচনার পর নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে স্থান পাবে।
এদিকে, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে খালেদা জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।
পড়ুন : শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের পরিকল্পনা কী, ডিসেম্বরেই কি প্রত্যাবর্তন?


