একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর আবাসিক এলাকার স্বপ্ন কেবল কথায় নয়, সম্মিলিত উদ্যোগ ও নাগরিক দায়বদ্ধতার মধ্য দিয়ে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করেছে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি। পরিচ্ছন্নতাকে এক দিনের আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যয় নিয়ে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-০২-এ ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় নিকুঞ্জের বটতলা থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে পুরাতন বাজার ও সরকার বাড়ি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সোসাইটির বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা সড়ক, ফুটপাত ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মৃধা, মতিউর রহমান স্বপন, আমির হোসেন, লিটু আহমেদ লিটন, নুরুল আমিন ঝিন্টু, রুস্তম আলী, এ কে আজাদ, মো. ইব্রাহিম হোসেন, মো. আব্দুর রশিদ রাজিব, জয়নাল আবেদীন, তাহসিন মৃধা ও তাসবির ইকবালসহ সোসাইটির অন্যান্য সদস্যরা।
অভিযান শুরুর আগে সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, ‘এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যেভাবে আমরা অটোরিকশামুক্ত নিকুঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, ঠিক সেভাবেই পরিচ্ছন্নতার ক্ষেত্রেও আমাদের এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য শুধু এক দিনের জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা নয়; বরং পরিচ্ছন্নতাকে মানুষের দৈনন্দিন অভ্যাস ও সামাজিক দায়িত্বে পরিণত করা।’
তিনি আরও বলেন, ‘একটি পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশন কিংবা কোনো নির্দিষ্ট সংগঠনের নয়। এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা নিজেরা যেখানে-সেখানে ময়লা ফেলব না, অন্যকেও ফেলতে নিরুৎসাহিত করব। বাসাবাড়ি, সড়ক, ফুটপাত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মানসিকতা সবার মধ্যে তৈরি করতে হবে। পরিচ্ছন্নতা কোনো এক দিনের আনুষ্ঠানিকতা নয়; এটি একটি সুস্থ, সুন্দর ও সভ্য সমাজের পরিচয়।’
জাহিদ ইকবাল বলেন, ‘আমরা চাই, নিকুঞ্জের প্রতিটি বাসিন্দা এই উদ্যোগকে নিজের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। শুধু পরিচ্ছন্নতা অভিযানের দিন নয়, বছরের প্রতিটি দিন যেন আমাদের চারপাশ পরিচ্ছন্ন থাকে। এ জন্য এলাকাবাসীর পাশাপাশি বাড়ির মালিক, ভাড়াটিয়া, ব্যবসায়ী ও তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত বলেন, ‘জনকল্যাণে আমাদের ভূমিকার মূল্যায়ন আমরা নিজেরা করতে চাই না; মানুষই তার মূল্যায়ন করবে। আমরা প্রচারে নয়, কাজে বিশ্বাসী। এলাকার মানুষের স্বার্থে যে উদ্যোগ প্রয়োজন, সম্মিলিতভাবে তা বাস্তবায়নে আমরা শুধু কাজ করে যেতে চাই কাজ ।’
সোসাইটির নেতারা মনে করেন, পরিচ্ছন্নতা শুধু পরিবেশ সুন্দর রাখার বিষয় নয়, এটি নাগরিক রুচি, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক দায়বদ্ধতারও প্রতিফলন। একটি এলাকার প্রকৃত সৌন্দর্য তার দালানকোঠা কিংবা প্রশস্ত সড়কে নয়, বরং সেই এলাকার মানুষের সচেতনতা, আচরণ ও পরিচ্ছন্নতার চর্চায় প্রকাশ পায়। তাই এ উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তোলাই তাঁদের অন্যতম লক্ষ্য।
তাঁরা জানান, এ কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে এলাকাবাসীর সহযোগিতা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
সোসাইটির প্রত্যাশা, এই উদ্যোগে নিকুঞ্জের প্রতিটি পরিবার, বাড়ির মালিক, ভাড়াটিয়া, ব্যবসায়ী ও তরুণ প্রজন্ম সম্পৃক্ত হবেন। পরিচ্ছন্নতা হবে সবার অভ্যাস, নিজের এলাকা পরিচ্ছন্ন রাখা হবে সবার অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় নিকুঞ্জ এবং সমগ্র টানপাড়া এলাকাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
একটি পরিচ্ছন্ন নিকুঞ্জ টানপাড়া কেবল একটি এলাকার স্বপ্ন নয়, এটি আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়ার মতো একটি সুন্দর উত্তরাধিকার। সেই স্বপ্ন বাস্তবায়নে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির এই উদ্যোগ
এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে একটি অনুকরণীয় সামাজিক আন্দোলনে পরিণত হবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।
পড়ুন : শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন


