জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় সংঘটিত সেনা বিদ্রোহের মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের নামে ছয়টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ২০১৭ সাল থেকে এসব হিসাব খোলা ও পরিচালনার তথ্য পাওয়া গেছে। সরকারি নথিপত্রে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তাঁর নামে ব্যাংক হিসাব খোলা এবং বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের বিষয়টি রহস্যজনক বলে উল্লেখ করেছে সংস্থাটি। এসব অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য অনুসন্ধানে সম্প্রতি বিএফআইইউর প্রতিবেদন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে পাঠানো হয়েছে।
বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, মোজাফফর হোসেনের ছয়টি ব্যাংক হিসাবের মধ্যে দুটি তাঁর ভাই মোদাচ্ছের রহমান পরাগের সঙ্গে যৌথভাবে খোলা হয়েছিল। হিসাবগুলোর মধ্যে দুটি সঞ্চয়ী হিসাব এখনো চালু রয়েছে। অন্য চারটি মেয়াদি হিসাব বন্ধ হয়ে গেছে।
প্রতিবেদনে দীর্ঘ সময় পলাতক থাকা একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির নামে ২০১৭ সাল থেকে ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে এসব হিসাবে নগদ জমা হওয়া অর্থের উৎস অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে। যৌথ হিসাবে জমা হওয়া অর্থের প্রকৃত উদ্দেশ্য, প্রাতিষ্ঠানিক হিসাব ব্যবহারের কারণ এবং কর ফাঁকির কোনো ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। আয়কর নথিতে এসব হিসাব ও সংশ্লিষ্ট লেনদেনের যথাযথ তথ্য উল্লেখ রয়েছে কি না, সেটিও পরীক্ষা করার সুপারিশ করেছে সংস্থাটি।
বিএফআইইউর তথ্য অনুযায়ী, মোজাফফর হোসেনের নামে ঢাকা ব্যাংকের বনানী শাখায় ২০২১ সালের ৭ অক্টোবর একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। হিসাব খোলার দিনই এতে ৬৪ লাখ ৪৭ হাজার টাকা জমা করা হয়। একই দিন ৬২ লাখ ১১ হাজার টাকা উত্তোলন করা হয়। এর তিন দিন পর পে-অর্ডারের মাধ্যমে আরও ৩০ লাখ টাকা জমা পড়ে ওই হিসাবে।
তদন্তে দেখা যায়, এই ৩০ লাখ টাকা এসেছিল সোশ্যাল ইসলামী ব্যাংকে থাকা মোজাফফরের মেয়াদি আমানতের মেয়াদপূর্তির অর্থ থেকে।
এর আগে ২০১৭ সালের ৮ ও ৯ আগস্ট দুই দফায় ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা নগদ জমা দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে দুটি মেয়াদি আমানত খোলা হয়েছিল। এসব আমানতের বিপরীতে নিয়মিত মুনাফাও গ্রহণ করেন তিনি। পরে মেয়াদি আমানত ভাঙানোর পর ৩০ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে ঢাকা ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। বাকি ২০ লাখ টাকা অপর একটি পে-অর্ডারের বিপরীতে নগদে উত্তোলন করা হয়।
তবে নগদে উত্তোলন করা ওই ২০ লাখ টাকা কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যয় করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পায়নি বিএফআইইউ। ঢাকা ব্যাংকের হিসাবে টাকা জমা হওয়ার পর বিভিন্ন সময়ে একাধিক দফায় অর্থ উত্তোলনের তথ্যও পাওয়া গেছে। ব্যাংকের রেকর্ডে এসব লেনদেনের ক্ষেত্রে মোজাফফরের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ রয়েছে।
এ ছাড়া ঢাকা ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় মোজাফফর ও তাঁর ভাই মোদাচ্ছের রহমানের নামে একটি যৌথ সঞ্চয়ী হিসাবের সন্ধান পাওয়া গেছে। ২০১৮ সালের ২৮ মার্চ খোলা এই হিসাবে বিভিন্ন সময়ে প্রায় ৯৩ লাখ ৫৩ হাজার টাকা জমা ও সমপরিমাণ অর্থ উত্তোলন হয়েছে।
মোজাফফরের ভাই মোদাচ্ছের রহমানের নামেও একাধিক ব্যাংক হিসাব ও একটি বিকাশ হিসাবের তথ্য পেয়েছে বিএফআইইউ। তাঁর নামে ছয়টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি চলমান এবং দুটি বন্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যমুনা ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় ২০১২ সালের ১ মার্চ খোলা একটি হিসাবে প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা জমা ও সমপরিমাণ অর্থ উত্তোলনের তথ্য পাওয়া গেছে। আফসার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে এই হিসাবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তর করা হয়েছিল।
তথ্য অনুযায়ী, ২০১২ সালের জুন থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ১৩ দফায় মোট ৯৭ লাখ ৯৩ হাজার টাকা জমা হয়। পরে এসব অর্থের বেশির ভাগই মোদাচ্ছের নিজে নগদে উত্তোলন করেন বলে বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে আফসার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালট্যান্সির সঙ্গে মোজাফফর বা তাঁর ভাইয়ের সম্পর্ক এবং অর্থ স্থানান্তরের উদ্দেশ্য সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
মোজাফফর ও তাঁর ভাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও উঠে এসেছে বিএফআইইউর প্রতিবেদনে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী শাখায় এমএস হেরিটেজ এন্টারপ্রাইজ নামে ২০১৭ সালের ৯ আগস্ট একটি হিসাব খোলা হয়। হিসাব খোলার ফরম অনুযায়ী, প্রতিষ্ঠানটির মালিক মোজাফফর হোসেন। এই হিসাবে মোট জমা ও উত্তোলনের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ টাকা।
২০১৮ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে মোজাফফরের মেয়াদি আমানতের বিপরীতে পাঁচ দফায় মোট ৯৯ লাখ টাকা প্রতিষ্ঠানটির হিসাবে জমা হয়। পরে কয়েক দিন থেকে প্রায় আড়াই মাসের মধ্যে এসব অর্থ সমন্বয় করা হয়। একই বছরের মে থেকে অক্টোবরের মধ্যে নয় দফায় মোট ৯ লাখ ৬৫ হাজার টাকা নগদ উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চারবার মোজাফফরের নাম ও পরিচয়পত্র ব্যবহার করা হলেও বাকি পাঁচবার এমন একজনের নামে টাকা তোলা হয়, যাঁর জাতীয় পরিচয়পত্র বা মোবাইল নম্বরের তথ্য পাওয়া যায়নি।
এই হিসাব থেকে সিরাজগঞ্জের একটি সরকারি হাসপাতালের কেয়ারটেকারের নামে ১ লাখ ৫০ হাজার ১১৫ টাকার একটি পে-অর্ডার করা হয়েছিল। পরে এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৮৮৫ টাকা ফেরত আসে।
অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের মিরপুর শাখায় প্রপার্টি লংজেভিটার সার্ভিস নামে ২০০৭ সালের ২১ জানুয়ারি একটি হিসাব খোলা হয়। মোদাচ্ছের রহমানের মালিকানাধীন এই হিসাবে মোট জমা ও উত্তোলনের পরিমাণ ২ কোটি ২ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন শাখা থেকে অর্থ জমার এক দিনের মধ্যে প্রায় সমপরিমাণ টাকা সিরাজগঞ্জ শাখা থেকে উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া ঢাকা ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় অতন্দ্র ওয়াচম্যান সার্ভিসেস নামে ২০১৬ সালের ১৯ অক্টোবর আরেকটি হিসাব খোলা হয়। মোদাচ্ছের ও অন্য একজনের মালিকানাধীন এই হিসাবে মোট জমা ও উত্তোলনের পরিমাণ ১ কোটি ৭৫ লাখ টাকা।
গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরদিন সন্ধ্যায় তাঁকে ঢাকা সেনানিবাসে সামরিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত ২০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তাঁর বিচার নিশ্চিত করা হবে। পরে ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এখন তাঁর ও তাঁর ভাইয়ের নামে থাকা ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার দায়িত্ব পেয়েছে সিআইডি। বিএফআইইউর সুপারিশ অনুযায়ী, নগদ জমার উৎস, অর্থ স্থানান্তরের কারণ, যৌথ হিসাবের ব্যবহার এবং আয়কর নথির সঙ্গে লেনদেনের সামঞ্জস্য পরীক্ষা করা হবে। এসব অনুসন্ধানের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের প্রকৃত কারণ ও অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে।
তবে বিএফআইইউর প্রতিবেদনে সন্দেহজনক লেনদেনের তথ্য উঠে আসা মানেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক অপরাধ প্রমাণিত হওয়া নয়। তদন্তের মাধ্যমে অর্থের উৎস, ব্যবহারের উদ্দেশ্য এবং কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না, তা নির্ধারিত হবে।
পড়ুন:আজ থেকে ট্রাকসেলে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চাল বিক্রি শুরু
ইমি/


