ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতংকে উদ্যোক্তারা 

দেশের ব্যবসা-বাণিজ্যে এমনিতেই চলছে মন্দাভাব। বিনিয়োগে ধীরগতি, উচ্চ সুদহার, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় চাপে রয়েছেন দেশের উদ্যোক্তারা। এর মধ্যে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব এবং প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের এ পদক্ষেপে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের আশঙ্কা, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণ ছাড়া ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করা হলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে শুধু উদ্যোক্তারাই নন, ক্ষতিগ্রস্ত হতে পারেন হাজার হাজার শ্রমিক এবং দেশের সামগ্রিক অর্থনীতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল বিভিন্ন ব্যাংকে এ বিষয়ে চিঠি পাঠায়। চিঠিতে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়। এনবিআর কর্মকর্তাদের ভাষ্য, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এমন ব্যবসায়ীদের নামও রয়েছে।

তালিকায় মণ্ডল, ওয়েল, এনভয়, স্ট্যান্ডার্ড, তুসুকা, নিপা ও গিভেন্সি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে মণ্ডল গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। পাশাপাশি গ্রুপটির চেয়ারম্যান আবদুল মমিন মণ্ডল ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলিম মণ্ডলসহ কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মণ্ডল গ্রুপ প্রায় ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন প্রায় ৫০ হাজার শ্রমিক। ফলে এ ধরনের বড় শিল্পপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ শিল্প খাতের স্বাভাবিক কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা অতীতের ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হলে প্রকৃত অপরাধীদের পাশাপাশি নিরপরাধ উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যাংক হিসাব জব্দ থাকলে ঋণপত্র (এলসি) খোলা, ব্যাংকঋণ ব্যবহার, আমদানি-রপ্তানির অর্থ লেনদেন এবং শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে জটিলতা তৈরি হয়। এতে উৎপাদন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ পরিস্থিতিতে সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়া বা অর্থায়নের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া কোনো কারখানার মালিক কিংবা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ না করার অনুরোধ জানানো হয়েছে।

বিজিএমইএর পক্ষ থেকে বলা হচ্ছে, শ্রমিক অসন্তোষে কারও সম্পৃক্ততা থাকলে তদন্তের মাধ্যমে তা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে অভিযোগের ভিত্তিতে নির্বিচারে ব্যাংক হিসাব জব্দ করা হলে শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাতের মতো রপ্তানিনির্ভর শিল্পে আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হলে বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে আলোচনার পর শেলটেক গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, মণ্ডল গ্রুপ ও এনভয় গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। তবে কিছু ব্যক্তির ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, ব্যাংক হিসাব অবমুক্ত করা হলেও এরই মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা সহজে কাটবে না। কারণ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের পোশাকশিল্পকে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ, জ্বালানি সংকট এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে এমন পরিস্থিতি বিদেশি ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উদ্যোক্তাদের আশঙ্কা, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের খবর বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছালে তারা ভবিষ্যৎ অর্ডার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে উঠতে পারেন। এতে নতুন ক্রয়াদেশ কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে নতুন বিনিয়োগকারীরাও দেশের শিল্প খাতে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়তে পারেন।

অর্থনীতিবিদ ও ব্যবসায়সংশ্লিষ্টদের মতে, শ্রমিক অসন্তোষে অর্থায়ন বা উসকানির অভিযোগ থাকলে অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করতে হবে। তবে তদন্তের নামে কোনো শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায়, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়। অভিযোগের সত্যতা যাচাই, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং নিরপরাধ উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সুরক্ষিত রাখা জরুরি।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাকশিল্প। এ খাতে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। তাই এ শিল্পের উদ্যোক্তাদের মধ্যে আস্থার পরিবেশ বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টদের মতে, চলমান অর্থনৈতিক চাপের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি না করে স্বচ্ছ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় এর প্রভাব শুধু কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশেও পড়তে পারে।

পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন