ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে লন্ডনের পুলিশ। ৫৫ বছর বয়সী এই লেখকের বিরুদ্ধে একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ উঠেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে সংঘটিত একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ পেয়েছে তারা। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ প্রকাশ করে। প্রতিবেদনে কয়েকজন নারী অভিযোগ করেন, ২০০৩ সাল থেকে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে অসদাচরণ করেছেন তিনি। তাদের একজনের দাবি, ১৫ বছর বয়সে লন্ডনে ওয়ালিয়ামসের বাড়িতে তিনি যৌন নির্যাতনের শিকার হন।
তবে অভিযোগ অস্বীকার করে ওয়ালিয়ামস বলেন, তিনি কোনো যৌন অপরাধ করেননি এবং আইন ভঙ্গ করেননি। তিনি নিজেকে যৌন অপরাধী হিসেবেও মানতে নারাজ।
অভিযোগ প্রকাশের পর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি তার অভিনীত কয়েকটি অনুষ্ঠান সরিয়ে নিয়েছে। তার সাহিত্যিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানও সম্পর্ক ছিন্ন করেছে। এর আগে নারী কর্মীদের হয়রানির অভিযোগে প্রকাশনা সংস্থা হার্পারকলিন্সও তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল।
লিটল ব্রিটেন ও কাম ফ্লাই উইথ মি অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পান ওয়ালিয়ামস। শিশুদের জন্য লেখা তার বই বিশ্বজুড়ে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে বলে জানা গেছে।
পড়ুন:যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল শুরু
ইমি/


