একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিতে পারে মানুষের জীবন ও চিন্তাভাবনা। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায় অনেকের। তেমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিংয়ে ভয়াবহ এক ক্রেন দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ে শুটিং সেটে। এতে প্রাণ হারান তিন কর্মী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেত্রী। সম্প্রতি সেই ভয়ংকর দিনের স্মৃতি ও দুর্ঘটনার পর নিজের জীবনে আসা পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে কাজল বলেন, ওই দুর্ঘটনার পর জীবন, মৃত্যু এবং সৃষ্টিকর্তার প্রতি তার দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। জীবনের অনিশ্চয়তা নতুন করে উপলব্ধি করেছেন তিনি। পাশাপাশি বেড়েছে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ ও বিশ্বাস।
ঘটনাটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের। ভারতের চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে তখন চলছিল ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন কাজল আগারওয়াল ও কমল হাসান। সেদিন একটি দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্তুত ছিলেন কাজল। চরিত্রের প্রয়োজনে তার মুখে লাগানো হয়েছিল প্রস্থেটিক মেকআপ।
শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে মনিটরের কাছে বসে সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ শুটিং সেটে শুরু হয় হইচই। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। উপস্থিত সবাই নিজেদের জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেন।
প্রাণ বাঁচাতে দৌড়ানোর সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান কাজল। এরপর পেছনে ফিরে তাকাতেই দেখতে পান ভয়াবহ দৃশ্য। বিশাল আকৃতির একটি ক্রেন তার দিকেই ভেঙে পড়ছে। মুহূর্তের জন্য যেন থমকে যায় তার পৃথিবী। কী করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি।
সেই মুহূর্তের স্মৃতিচারণ করে কাজল বলেন, ‘আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি, প্রায় ১০০ ফুট উঁচু একটা ক্রেন আমার দিকে ভেঙে পড়ছে। কী ঘটছে, কিছুই বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’
দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। ক্রেন ভেঙে পড়ার ঘটনায় শুটিং সেটের তিন কর্মী প্রাণ হারান। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান কাজল। তবে প্রাণে বেঁচে গেলেও সেই ঘটনার মানসিক প্রভাব দীর্ঘদিন বয়ে বেড়াতে হয়েছে তাকে।
অভিনেত্রীর ভাষ্য, ওই দুর্ঘটনা তাকে জীবনের মূল্য নতুন করে বুঝতে শিখিয়েছে। আগে যেসব বিষয়কে সাধারণভাবে দেখতেন, সেগুলো নিয়েও নতুন করে ভাবতে শুরু করেন। জীবন যে কতটা অনিশ্চিত এবং মানুষের হাতে সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা নেই, সেই উপলব্ধি গভীরভাবে নাড়া দেয় তাকে।
দুর্ঘটনার পর দীর্ঘদিন তার মধ্যে আতঙ্ক ও কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি কাজ করেছে। একদিকে ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি, অন্যদিকে নতুন করে জীবন ফিরে পাওয়ার অনুভূতি তাকে বদলে দেয়। ধীরে ধীরে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে থাকে কাজলের। বিশেষ করে হিন্দু ধর্মের দেবতা কৃষ্ণের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয়।
কাজলের মতে, জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান, তা এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই উপলব্ধি করা যায়। দুর্ঘটনার পর তিনি জীবনকে আগের চেয়ে ভিন্নভাবে দেখতে শিখেছেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং নিজের জীবনের প্রতি নতুন করে ভালোবাসা তৈরি হয়েছে তার মধ্যে।
এদিকে দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’ সিনেমাটি। কমল হাসান অভিনীত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই ব্যাপক প্রত্যাশা ছিল। তবে মুক্তির পর বক্স অফিসে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। ছবিটি ব্যবসায়িকভাবে আশানুরূপ সাফল্য না পেলেও এর শুটিং ঘিরে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা এখনো আলোচনায় রয়েছে।
সিনেমার পর্দায় নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনের সেই দুর্ঘটনা কাজলের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা। শুটিং সেটের সেই ভয়াবহ মুহূর্ত তাকে শুধু মৃত্যুর মুখোমুখি করেনি, বরং জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগও দিয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া সেই দিনের স্মৃতি আজও ভুলতে পারেননি অভিনেত্রী।
পড়ুন:আট দিনেই ১ হাজার কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড
ইমি/


