২৮৬ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, মেয়াদ বাড়লেও শেষ হয়নি সড়ক ও ফ্লাইওভারের কাজ

ঢাকার ধামরাইয়ের কালামপুর থেকে টাঙ্গাইলের দেলদুয়ার পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও কাওয়ালীপাড়া ফ্লাইওভার নির্মাণে ২৮৬ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের কাজ তিন বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। তবে মেয়াদ বাড়লেও নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তিন জেলার লাখো মানুষ।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে সড়ক ও ফ্লাইওভারের নির্মাণকাজ অসমাপ্ত থাকায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন। দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহনচালক এবং বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। পাশাপাশি নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশ নষ্ট হওয়ায় অপচয় হচ্ছে সরকারি অর্থ।

ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাইপাস থেকে শুরু হওয়া প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক সড়কটি ধামরাই, মানিকগঞ্জের সাটুরিয়া ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় যোগাযোগের পাশাপাশি যমুনা সেতুর সঙ্গে বিকল্প সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায়ও রয়েছে এর বিশেষ গুরুত্ব।

সড়কটি প্রশস্তকরণ, কাওয়ালীপাড়া ফ্লাইওভার নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ২০২৩ সালের ১ জানুয়ারি ২৮৬ কোটি টাকার প্রকল্পটির কাজ শুরু হয়। সাতটি প্যাকেজে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। এ পর্যন্ত প্রকল্পের মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ফলে প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে কালামপুর বাজার, মহিষাষী বাজারসংলগ্ন অংশ, একটি সেতু, কাওয়ালীপাড়া উড়ালসেতু এবং কাওয়ালীপাড়া থেকে রামরাবন পর্যন্ত সড়কের বিভিন্ন অংশের কাজ এখনো বাকি রয়েছে। এসব কাজ অসমাপ্ত থাকায় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ।

গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও পোশাকশিল্প কারখানা। প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে নির্মাণকাজ ঝুলে থাকায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও কাদাপানির। সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে ওঠে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বারবার কাজ শেষ করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অগ্রগতি খুবই ধীর। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত এবং পণ্য পরিবহনে বাড়তি সময় ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে প্রকল্পের ধীরগতির পেছনে অর্থ ছাড়ের সীমাবদ্ধতা ও ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতাকে দায়ী করছে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভূমি অধিগ্রহণের বকেয়া অর্থ পরিশোধসহ প্রয়োজনীয় জটিলতা দ্রুত নিরসন করা গেলে নতুন বর্ধিত মেয়াদের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।

এ বিষয়ে ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, অর্থ ছাড়ের সীমাবদ্ধতা এবং ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের কাজে ধীরগতি তৈরি হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে ভূমি অধিগ্রহণের বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করা গেলে নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ধামরাই ও সাটুরিয়াসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও শিল্পকারখানার কার্যক্রমেও গতি ফিরবে। তাই আর কোনো অজুহাতে কাজের মেয়াদ না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে সড়ক প্রশস্তকরণ ও কাওয়ালীপাড়া ফ্লাইওভারের নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

পড়ুন:শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন