জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের ঘর থেকে বের করে সমাজের পুরুষের পাশাপাশি কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষিত করে তুলতে ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। আজ সেই শিক্ষিত নারীরাই ডিসি, ইউএনও, দেশের রাষ্ট্রপতি ও সংসদ সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের রানী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে খান ফাউন্ডেশনের আয়োজনে ‘Voices for Change Project’ নীতিনির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব শীর্ষক সংসদ সদস্যদের সাথে এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীদের ক্ষমতায়ন ও রাজনৈতিক অধিকার প্রসঙ্গে হুইপ দুলু আরও বলেন, যে নারীদের জিয়াউর রহমান ও খালেদা জিয়া স্বাবলম্বী ও শিক্ষিত করে গড়ে তুলেছেন এবং তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার চেষ্টা করছেন, সেই নারীদের ঘরে বন্দি রাখতে চাওয়া অপশক্তির ফাঁদে পা দেওয়া যাবে না।
খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সালাউদ্দিন আহম্মেদের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ এবং সাবেক সংসদ সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নারী নেত্রী ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পড়ুন:রণক্ষেত্র কালিয়াকৈর ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
ইমি/


