শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
রোববার (১৫ অক্টোবর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ থাকবে।
১৫ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে উৎপাদন ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি মহল ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতিও।
এর আগে শনিবার সকালেই আশুলিয়ায় ৪০টির বেশি কারখানার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া আরও ৮টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, আলপস অ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, এনভয় গ্রুপ, নিউ এইজ গ্রুপসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান।
তবে আশুলিয়ার অন্যান্য এলাকায় আজও অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সেসব কারখানায় স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাব ও বিজিবি। শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ন্যূনতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না বলে জানিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে পুরো পোশাক খাত। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে।
পড়ুন:দূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
ইমি/


