পাকিস্তানের কাছে পরাজয়ের যে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ

ঘরের মাঠে সাফ জয়ের বড় সুযোগ হাত ছাড়া করেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হামজারা। আর এই পরাজয়ের দায়সারা ব্যাখ্যা দিয়েছেন কোচ টমাস ডুলি।

বিজ্ঞাপন

তার মতে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তার পরিকল্পনা ছিল, প্রথম কয়েক মিনিট বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো। কিন্তু পাকিস্তানের চাপের মুখে সেটি সম্ভব হয়নি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফের পর দ্রুত আমাদের ওপর চাপ তৈরি করে। আমরা কয়েকটি ভুল করেছি। এরপর ভালো করার চেষ্টা করেও পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। ওরা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে ওরা ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শুরুতে আমাদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে।

দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে কিছুটা ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। মিডফিল্ডে কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। বিশেষ করে কাজেমকে তুলে নেওয়ার কথা ভাবেননি তিনি। আক্রমণভাগেও বিকল্প খেলোয়াড়ের অভাব ছিল।

কোচ বলেন, কাজেম অসাধারণ খেলেছে। অনেক বল জিতেছে, টেকনিক্যালি ভালো ছিল। শমিতও খেলায় গতি আনার চেষ্টা করছিল। তাদের পরিবর্তন করা কঠিন ছিল। আমাদের হাতে বাড়তি ফরোয়ার্ডও ছিল না। বর্তমান স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেশ সীমিত।

পাকিস্তানের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের শেষ দিকে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পর বল জালে জড়ায় পাকিস্তান। শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন উঠলেও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ডুলি। তার মতে, একজনের ওপর হারের দায় চাপানো ঠিক হবে না।

তিনি বলেন, ‘আমি এখনও তাকে জিজ্ঞেস করিনি। আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন। এমন একটি ম্যাচ হারার পর, যেটি আমরা জিততে চেয়েছিলাম, তখন খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, তা বোঝা কঠিন নয়। গোলরক্ষকও একজন তরুণ খেলোয়াড়। তারা তো রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, চাপ আছে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জেতার চাপ থাকে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। তার মাথায়ও কাজ করে, ভুল করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। একই পরিস্থিতিতে অন্য গোলরক্ষকরাও হয়তো এমন ভুল করতে পারতো। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে গতিময় ফুটবল দেখা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে তা অনুপস্থিত ছিল। এর কারণ হিসেবে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও বিশ্রামের ঘাটতির কথা বলেছেন ডুলি। পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক দিন বেশি বিশ্রাম পেয়েছিল।

ডুলির ব্যাখ্যা, আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। আগের ম্যাচটিও ছিল ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে সেদিন আমরা ভালো খেলেছিলাম এবং আত্মবিশ্বাস বেশি ছিল। আজ পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ছিল, শারীরিকভাবেও কিছুটা বেশি ফিট মনে হয়েছে। ওরা বেশি দৌড়াতে পেরেছে। হয়তো পাঁচ দিনের বিরতির কারণেও এমন হয়েছে।

ডুলির মতে, ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করা খেলোয়াড়দের জন্য বড় মানসিক ধাক্কা ছিল। বিশেষ করে ঘরের মাঠে দেশের জন্য, সমর্থকদের জন্য ফাইনালে ওঠার এত বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, আপনি কল্পনা করুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে। সাফ জয়ের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করাটা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলানো সহজ নয়। হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড় হয়তো পারে, কিন্তু তরুণদের জন্য কঠিন।

এক বছর আগে একই মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই উদাহরণ সামনে আনা হয়। কিন্তু ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না।

পড়ুন:রোনালদো ছাড়া পর্তুগালকে উড়িয়ে দিল ডেনমার্ক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন