সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে 

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকট এবং অর্থায়নের বিষয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে। তুরস্ক বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এ সময় বাংলাদেশের প্রয়োজনের ক্ষেত্রে তুরস্ক সহযোগিতা করবে বলে জানিয়েছেন এরদোয়ান।

প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরির বিষয়েও দুই নেতার আলোচনা হয়েছে। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

কপ৩১ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে অত্যন্ত সফল হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আত্মবিশ্বাস ও মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছেছে।

হুমায়ুন কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান এবং প্রত্যাশাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে বাংলাদেশের দাবিগুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন হুমায়ুন কবীর। তিনি জানান, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে মূল্যায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে ব্রিটিশ মন্ত্রীর বসার ভঙ্গি ও আচরণ নিয়ে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেখানে অসম্মানজনক বা বেয়াদবির কোনো বিষয় তিনি দেখেননি। বরং তাঁর আচরণে আন্তরিকতা ছিল। বসার ভঙ্গি কিছুটা ভিন্ন হলেও সেটিকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ব্রিটিশ মন্ত্রী নিজেও নতুন পররাষ্ট্রমন্ত্রী। একটি ভালো আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে অতীতের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এভাবে বসার দৃষ্টান্ত আগে শেখ মুজিবুর রহমানের সামনে জুলফিকার আলী ভুট্টোও তৈরি করেছিলেন।

সব মিলিয়ে কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ উদ্যোগের আলোচনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।

পড়ুন:মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন