মাত্র দুই বছরের ব্যবধানে বাংলাদেশের সরকারি ঋণ বেড়েছে প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ২০২২ সালের জুনে সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের জুন শেষে তা দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়। একই সময়ে বেড়েছে বৈদেশিক ঋণ, সুদ পরিশোধের ব্যয় এবং সরকারের আর্থিক দায়। সামনে কয়েক বছরে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উপলক্ষে প্রকাশিত প্রেস ব্রিফিং নোটে দেশের ঋণ পরিস্থিতির এ চিত্র তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে ঋণ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে দেশের সরকারি ঋণের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে এ ঋণের পরিমাণ ছিল ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
সরকারি ঋণ বৃদ্ধির পাশাপাশি সুদ পরিশোধের ব্যয়ও দ্রুত বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের ব্যয় বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
ঋণ পরিশোধের চাপ আগামী বছরগুলোতে আরও বাড়তে পারে। হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে প্রায় ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে এ পরিমাণ বেড়ে ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ফলে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের জন্য সরকারের বাড়তি অর্থের প্রয়োজন হবে।
বাংলাদেশ ব্যাংকের ঋণ ও রিজার্ভ পরিস্থিতি
সম্মেলনে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতিতে ঋণের চাপ, বাজেট ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চ্যালেঞ্জ ছিল।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। বাজেট ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়ন বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালের জুলাই শেষে তা কমে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।
অর্থমন্ত্রী আরও জানান, ওই সময় বিদ্যুৎ ও সার খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার ভর্তুকি অপরিশোধিত ছিল। জ্বালানি আমদানির ক্ষেত্রেও প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বকেয়া ছিল।
বর্তমান সরকারের সময়ে উন্নতির দাবি
ঋণ ব্যবস্থাপনার বিভিন্ন সূচকে উন্নতির দাবি করেছেন অর্থমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থাকলেও ২০২৬ সালের জুনে তা কমে ৪৮২ কোটি টাকায় নেমেছে।
একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সরকারি ঋণ গ্রহণের ব্যয়ও কমেছে বলে জানান তিনি।
অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ ছিল। ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ঋণ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা। এ জন্য ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণ ও বন্ডের মাধ্যমে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজস্ব আয় বাড়ানোয় গুরুত্ব
ঋণের বোঝা নিয়ন্ত্রণে রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে দেখছে সরকার। এ জন্য করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, দেশের ঋণ ব্যবস্থাপনার মূল চ্যালেঞ্জ শুধু ঋণের পরিমাণ নয়; বরং দুর্বল রাজস্ব আয় এবং ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার করতে না পারা। ঋণ নিয়ে এমন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যেখান থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতা তৈরি হবে।
ব্যাংকিং খাতের সংস্কার, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।
নতুন অর্থায়ন পদ্ধতির পরিকল্পনা
ঋণের উৎস বাড়াতে প্রচলিত ব্যাংকঋণের পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে ইউরোবন্ড, সুকুক, সামুরাই ও পান্ডা বন্ডের মতো আর্থিক উপকরণ ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও সমুদ্রসম্পদভিত্তিক প্রকল্পে অর্থায়নের জন্য গ্রিন বন্ড ও ব্লু বন্ডের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া দেশের স্থানীয় বন্ডবাজার সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পেনশন তহবিল ও বিমা কোম্পানিগুলোকে বন্ডবাজারে যুক্ত করার উদ্যোগের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা এবং মধ্যমেয়াদি ঋণ কৌশল প্রকাশের উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি একীভূত ডেট ম্যানেজমেন্ট অফিস গঠন এবং উপযুক্ত পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
ঋণের অর্থ ব্যবহারে সতর্কতার তাগিদ
অর্থমন্ত্রী বলেন, কত ঋণ নেওয়া হলো, সেটি বড় বিষয় নয়; বরং নেওয়া ঋণ কতটা কার্যকরভাবে কাজে লাগানো হলো, সেটিই গুরুত্বপূর্ণ। প্রকল্প গ্রহণের আগে যথাযথ যাচাই-বাছাই করতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে।
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মসৃণ উত্তরণের লক্ষ্য অর্জনেও টেকসই ঋণ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন তিনি।
কক্সবাজারে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক যৌথভাবে আয়োজন করেছে। এতে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সব মিলিয়ে সরকারি ঋণের দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈদেশিক ঋণ পরিশোধের বাড়তি চাপ বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠছে। রাজস্ব আয় বৃদ্ধি, ঋণের সঠিক ব্যবহার এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপরই নির্ভর করবে দেশের ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ।
পড়ুন : ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, প্রতিদিন চলবে ৪ ফ্লাইট


