সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় আহত শ্রমিক মো. সেলিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি রণজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ই নভেম্বর) দুপুরে শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ। এর আগে গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তাঁর মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি থানার কানাইপুর এলাকার মোহাম্মদ রহিমের ছেলে। সেলিম সাভারের আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর ছিলেন।
পুলিশ জানায়, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত ৪ই নভেম্বর সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছিল। ওই দিন আউকপাড়া এলাকার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় বহিরাগত একদল লোক আশপাশের বিভিন্ন কারখানায় হামলা চালায়। এ ঘটনায় সেদিন আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন্ট সুজ লিমিটেডও ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন। এ সময় কারখানা থেকে বেরিয়ে গন্তব্যে যাওয়ার পথে সড়কে সেলিমসহ কয়েকজনকে মারধর করে ও সেলিমের মাথায় আঘাত করেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়।আহত অন্য দুই শ্রমিক হলেন রাকিব ও লিমন।পরে আহত সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কর্মকর্তা প্রিন্স সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় রণজিৎ বিশ্বাসসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
এদিকে ৪ নভেম্বরের ওই ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, আউকপাড়া এলাকায় ৪ নভেম্বরের ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকি আসামিদের ধরতে ও অন্যান্য বিষয়ের তদন্ত অব্যাহত রয়েছে।
পড়ুন : পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত
সা/


