প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন চীনা নাগরিক যুবক জ্যাকি চেউং। সে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়ের ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
নার্গিসের পরিবার সূত্রে জানা গেছে-গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন করেন। পরে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।জ্যাকি চেউং ও নার্গিস আক্তারের পরিচয়ের গল্পটিও বেশ ব্যতিক্রমী। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন চীনা নাগরিক জ্যাকি চেউং। কর্মসূত্রে তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠলে একপর্যায়ে জ্যাকি চেউং বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন।
বিষয়টি জানতে পেরে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। এরপর দুইজনের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় সেই পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে।সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি। দুই পরিবারের সম্মতিতে তাঁদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।বিদেশী চীনা যুবক ও রাজবাড়ীর গোয়ালন্দের তরুণীর এই বিয়ে এখন স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,চীন থেকে এক যুবক এসে নার্গিস নামের গোয়ালন্দের এক তরুণীকে বিয়ে করেছেন শুনেছি।তবে আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই বিদেশ থেকে কেউ এসে প্রলোভন দিয়ে এরকম কাজ অব্যাহত না রাখেন সেই বিষয়টি সবাইকে লক্ষ্য রেখে আমাদের সচেতন হতে হবে।
পড়ুন:বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪
ইমি/


