পাচার হওয়া অর্থ ফেরাতে কৌশল বদল, ৪০ দেওয়ানি মামলা

দেশ থেকে বিভিন্ন সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কৌশল পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন অর্থপাচারের ঘটনায় মূলত ফৌজদারি মামলা করা হলেও এখন দেওয়ানি মামলার মাধ্যমেও পাচারকারীদের সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত দ্বিতীয় ধাপে ৪০টি দেওয়ানি মামলা করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলার অগ্রগতিও হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকের গঠিত স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পাচার হওয়া অর্থ শনাক্ত ও দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে দেশের একাধিক তফসিলি ব্যাংক। এসব চুক্তির আওতায় বিদেশি প্রতিষ্ঠানগুলো পাচার হওয়া অর্থ শনাক্ত এবং সম্পদ উদ্ধারে কাজ করছে। উদ্ধার হওয়া অর্থের বিপরীতে চুক্তি অনুযায়ী কমিশন পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

ফরহানুল গনি চৌধুরী বলেন, আগে অর্থপাচারের ঘটনায় শুধু ফৌজদারি মামলা করা হতো। এখন অর্থ ফেরত আনার প্রক্রিয়া জোরদার করতে দেওয়ানি মামলাও করা হচ্ছে। নতুন করে অর্থপাচারের ঘটনায় মোট ৪০টি দেওয়ানি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে সিকদার গ্রুপের পাচার করা অর্থের মধ্যে প্রায় ৫০ কোটি ডলার শনাক্ত করতে পেরেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এই অর্থ উদ্ধারের উদ্যোগে একাধিক ব্যাংক যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ও এবি ব্যাংকও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।

টাস্কফোর্সের উপদেষ্টা জানান, অর্থপাচারকারীদের শনাক্ত করতে বিদেশি প্রতিষ্ঠান, সরকার ও বিভিন্ন সংস্থার কাছে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের খেলাপি ঋণের তথ্য দেওয়া হয়েছে। এতে কোন ব্যক্তি বা গোষ্ঠী কী পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নিতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া সহজ হচ্ছে।

তার ভাষ্য, ব্যাংকগুলোর ঋণখেলাপির তথ্য বিশ্লেষণ করে বিদেশি প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য পাচার হওয়া অর্থের পরিমাণ ও অবস্থান সম্পর্কে অনুসন্ধান করতে পারছে।
অর্থ ফেরাতে লাগতে পারে আরও ৫ থেকে ১০ বছর

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফরহানুল গনি চৌধুরী। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। গত দুই বছরে এ বিষয়ে অনেক তথ্য পাওয়া গেলেও আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের কারণে সময় প্রয়োজন।

তিনি বলেন, অর্থপাচার ও সম্পদ পুনরুদ্ধারের বিষয়টি বাংলাদেশের জন্য তুলনামূলক নতুন। একইভাবে আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা চলছে, তাদের কাছেও বাংলাদেশের অর্থপাচারের ঘটনাগুলো নতুন অভিজ্ঞতা। ফলে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগবে।

বাংলাদেশের ব্যাংক খাত থেকে যেভাবে বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, আন্তর্জাতিক পর্যায়েও এমন ঘটনার নজির বিরল বলে মন্তব্য করেন তিনি। তার ধারণা, ব্যাংক খাত থেকে অর্থপাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হতে পারে।
সাইফুজ্জামান চৌধুরীর ২৫ কোটি পাউন্ডের সম্পদ অবরুদ্ধ

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশে পাচার হওয়া অর্থের সন্ধান পেতে শুরু করেছে টাস্কফোর্স। বিভিন্ন দেশে কিছু সম্পদ অস্থায়ীভাবে অবরুদ্ধও করা হয়েছে। তবে এসব সম্পদের মোট পরিমাণ প্রকাশ করতে রাজি হননি ফরহানুল গনি চৌধুরী।

তিনি বলেন, অর্থপাচারকারীরা বিভিন্ন স্তরে সম্পদ স্থানান্তর করেন। এক দেশ থেকে অন্য দেশে অর্থ সরিয়ে নেওয়ার মাধ্যমে সম্পদের অবস্থান গোপন করার চেষ্টা চলে। এ অবস্থায় উদ্ধার কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে পাচারকারীরা আবারও অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন।

এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ অবরুদ্ধ করেছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ হাজার ১২৫ কোটি টাকার বেশি।
যুক্তরাজ্যে অবরুদ্ধ ৩১০ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়ায় জটিলতা

অর্থপাচারের আরেকটি ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য দিতে দেরি হওয়ায় যুক্তরাজ্যে সাময়িকভাবে অবরুদ্ধ করা প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার বা ৩১০ কোটি টাকার সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএফআইইউর পরিচালক সৈয়দ মাহবুব আলম বলেন, যুক্তরাজ্যে অর্থটি নির্দিষ্ট সময়ের জন্য সাময়িকভাবে অবরুদ্ধ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হলেও ৩০ দিনের মাথায় অর্থটি অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। তবে অর্থ উদ্ধারের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

জানা গেছে, বেসরকারি ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর নামে থাকা ওই অর্থ যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক মাসের জন্য সাময়িকভাবে অবরুদ্ধ করেছিল। পরে বাংলাদেশ সরকারের কাছে আরও প্রমাণ চাওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে না পারায় অবরুদ্ধের আদেশ প্রত্যাহার করা হয়।
২০২৪ সালে গঠিত হয় টাস্কফোর্স

দেশ থেকে পাচার হওয়া অর্থ শনাক্ত ও ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক স্টোলেন অ্যাসেট রিকোভারি টাস্কফোর্স গঠন করে। প্রথম পর্যায়ে ১১টি বড় ব্যবসায়ী গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়।

প্রাথমিকভাবে ফৌজদারি মামলার মাধ্যমে অর্থপাচারের বিষয়গুলো মোকাবিলা করা হলেও পরে সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে দেওয়ানি মামলা করার কৌশল নেওয়া হয়। প্রথম দিকে বড় অঙ্কের অর্থপাচারের ঘটনায় মামলা করা হলেও পরবর্তী সময়ে ২০০ কোটি টাকার বেশি অর্থ সরানোর ঘটনাও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

তবে মামলা, আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পদ শনাক্তের অগ্রগতি থাকলেও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সংশ্লিষ্টদের মতে, বিদেশে সম্পদের অবস্থান শনাক্ত, আইনি জটিলতা মোকাবিলা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সরবরাহ করতে না পারলে অর্থ উদ্ধারের উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সহযোগিতা ও নতুন দেওয়ানি মামলার মাধ্যমে শেষ পর্যন্ত কতটা অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন