সুনামগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, অগ্রগতি এবং বিভিন্ন খাতের পরিসংখ্যান তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মুশফিকুর রহমান পারভেজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ শামসুল হক, জেলা স্কাউটের সভাপতি শেখ নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সেমিনারে বক্তারা বলেন, একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় অর্থনৈতিক খাতের নির্ভরযোগ্য পরিসংখ্যান সংগ্রহের অন্যতম প্রধান উৎস হলো অর্থনৈতিক শুমারি। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত প্রতিষ্ঠান ও ইউনিটের সংখ্যা, জনবল, কাঠামো এবং সুযোগ-সুবিধা সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে শিল্প ও ব্যবসা খাতের উন্নয়ন, নীতিনির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন সহজ হয়। সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারিতে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। অর্থাৎ ১১ বছরে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।
সুনামগঞ্জ জেলায় বর্তমানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৩১টি। এর মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ৫৪ হাজার ৯৫৩টি, অস্থায়ী প্রতিষ্ঠান ৬ হাজার ১২৫টি এবং অর্থনৈতিক খানা ৪৫ হাজার ৫৫৩টি। ২০১৩ সালের শুমারিতে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৮৮ হাজার ২৬১টি। সে হিসাবে এক দশকে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩২ দশমিক ১৪ শতাংশ।
অন্যদিকে, অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মোট জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। অর্থাৎ ১১ বছরে নিয়োজিত জনবল বেড়েছে ২৫ দশমিক ০৩ শতাংশ। মোট জনবলের মধ্যে পুরুষ ৮৩ দশমিক ২৮ শতাংশ, নারী ১৬ দশমিক ৭১ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্য ০ দশমিক ০১ শতাংশ।
সুনামগঞ্জ জেলায় অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ২ লাখ ২৭ হাজার ৬৬০ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে স্থায়ী জনবল ১ লাখ ৬০ হাজার ৫৩৮ জন, অস্থায়ী ৭ হাজার ৫৮২ জন এবং অর্থনৈতিক খানায় নিয়োজিত রয়েছেন ৫৯ হাজার ৫৪০ জন। জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী, সুনামগঞ্জ জেলায় বৃহৎ শিল্প ২৬টি, মাঝারি শিল্প ১৬২টি, ক্ষুদ্র শিল্প ৩ হাজার ৪৬৮টি, মাইক্রো শিল্প ৭০ হাজার ৯৪৫টি এবং কুটির শিল্প ৪২ হাজার ৩৬টি রয়েছে।
সেমিনারে আরও জানানো হয়, দেশের মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের সিংহভাগই সেবা খাতনির্ভর। মোট অর্থনৈতিক ইউনিটের ৯০ দশমিক ০২ শতাংশ সেবা খাতের অন্তর্ভুক্ত এবং শিল্প খাতের অংশ ৯ দশমিক ৯৮ শতাংশ। এর মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত খাত সর্বোচ্চ ৪১ দশমিক ৮২ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে।
বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারের শেষ পর্যায়ে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মুশফিকুর রহমান পারভেজ বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) জরিপের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদ এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের গতিপ্রকৃতি পর্যবেক্ষণের জন্য এ জরিপ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যে প্যারেন্ট-চাইল্ড সম্পর্ক চিহ্নিত করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
এ জরিপ কার্যক্রম সফল করতে ব্যবসায়িক ফোরাম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।
পড়ুন : একই জমি দুজনের কাছে বিক্রি, জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে উত্তেজনা


