রূপকথার নেত্রকোনা: সাদামাটি আর হাওরের বাঁকে পর্যটনের নতুন দিগন্ত

পাহাড়ের বুক চিরে বয়ে চলা সোমেশ্বরীর স্বচ্ছ জলধারা, দিগন্তবিস্তৃত হাওর আর গারো-হাজংদের বর্ণিল জীবনযাত্রা- প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনা। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও কবি নির্মলেন্দু গুণের জন্মধন্য এই জনপদকে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে মাঠে নেমেছে সরকার। এরই অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি বিশেষ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দুর্গাপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান সরেজমিনে পরিদর্শন করেছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে দিনভর এই পরিদর্শনের পর স্থানীয় প্রশাসন ও অংশীজনদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলটি প্রথমে দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পাহাড়, বান্দরের টিলা ও সংলগ্ন পাহাড়ি এলাকা ঘুরে দেখেন। এরপর তারা কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের বিখ্যাত সাদামাটির পাহাড়, কোহিনুর টিলা, জিরো পয়েন্ট, সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট এবং মাধবপুর টিলার নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ শাদাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এর আগে গত ৮ নভেম্বর মন্ত্রণালয়ের পর্যটন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশের পরিপ্রেক্ষিতে এই তিন সদস্যের প্রতিনিধি দল নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, “নেত্রকোনার পর্যটন বিকাশে যোগাযোগব্যবস্থার উন্নয়ন আমাদের প্রস্তাবনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে। এই অঞ্চলের বিশেষ সুবিধা হলো- এখানে সড়কপথের পাশাপাশি রেলপথ ও নৌপথের অপার সম্ভাবনা রয়েছে। তিন ধরনের যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে ‘মাল্টিমোডাল কানেক্টিভিটি’ গড়ে তোলা গেলে পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি দেশি-বিদেশি পর্যটকদের আগমনও বহুগুণ বৃদ্ধি পাবে।”

তিনি আরও উল্লেখ করেন, শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এখানকার জামদানি পল্লী, শুঁটকি এবং সোমেশ্বরী নদীর তাজা মিঠাপানির মাছের মতো স্থানীয় পণ্যগুলোরও রয়েছে দারুণ পর্যটনমূল্য। এগুলোকে ব্র্যান্ডিং করা গেলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, “জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনায় এসব পর্যটনকেন্দ্রকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, তা পর্যালোচনা করতেই আমরা এসেছি। এর আগে খালিয়াজুরী ও কলমাকান্দার বিভিন্ন স্পটও পরিদর্শন করেছি।”

তিনি জানান, বর্তমান সরকার কমিউনিটি ট্যুরিজম, ইকো-ট্যুরিজম ও হোম-স্টে ট্যুরিজমের ওপর বিশেষ জোর দিচ্ছে। পর্যটকরা শুধু পাহাড়-নদী দেখতেই আসেন না, তারা স্থানীয় গারো ও হাজং জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার এবং গ্রামীণ জীবনধারার সঙ্গে পরিচিত হতে চান। স্থানীয় পরিবারের সঙ্গে থেকে তাদের জীবনধারা উপভোগ করার সুযোগ তৈরি করা গেলে এটি পর্যটনে এক নতুন বিপ্লব আনবে। এছাড়া পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য উন্নত সড়ক যোগাযোগ এবং কয়েকটি নতুন সেতু নির্মাণের সুপারিশ করা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে পর্যটন খাতের উন্নয়নে কাজ এগিয়ে চলছে উল্লেখ করে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, সারা দেশের পর্যটনশিল্পের পরিকল্পিত বিকাশে জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। খুব দ্রুতই এই পরিকল্পনা চূড়ান্ত করে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

ইতিহাস, ঐতিহ্য, নদী, পাহাড় আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী নদীর অনন্য সমন্বয়ে গঠিত নেত্রকোনায় পরিকল্পিত উন্নয়ন, সরকারি-নিজেদের অংশীদারিত্ব এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দুর্গাপুরসহ বৃহত্তর নেত্রকোনা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহল ও স্থানীয় জনসাধারণের।

বিজ্ঞাপন

পড়ুন : একই জমি দুজনের কাছে বিক্রি, জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে উত্তেজনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন