চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসায় অবহেলায় বিবি মরিয়ম (নাম) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহতের বাবা। আদালতের নির্দেশে দাফনের ১৬২ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজার সওদাগর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

নিহত বিবি মরিয়মের বাবা মো. জামাল উদ্দিন বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, মরিয়মের স্বামী মো. ইয়াকুব আলী, শাশুড়ি লাইলী বেগম, শ্বশুর মো. হানিফ, লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তোফায়েল আহমেদ হোসেন, ম্যানেজার আরিফ ও নার্স তাসলিমা। এ ছাড়া মামলায় আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ জুন বেলা ১১টার দিকে প্রসবের জন্য মরিয়মকে উপজেলার লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান তাঁর শ্বশুরবাড়ির লোকজন। তবে চিকিৎসার জন্য তাঁকে এর আগেই, গত ২২ মে নেওয়ার কথা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই দিন রাতে পরিবারের সদস্যদের না জানিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁকে নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ৮ জুন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, যৌতুকের দাবিতে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে অপচিকিৎসা ও চিকিৎসায় অবহেলার কারণে তাঁর গর্ভপাত ঘটে। এসব নির্যাতন ও চিকিৎসায় অবহেলার ধারাবাহিকতায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

নিহতের বাবা জামাল উদ্দিনের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর পেছনে নির্যাতন ও চিকিৎসায় অবহেলার বিষয় রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ তারিখে মামলার শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক ফারজানা আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগ ও দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে আদালত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে তদন্তের নির্দেশ দেন।

আদেশে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এজাহার রেকর্ডসংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : একই জমি দুজনের কাছে বিক্রি, জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে উত্তেজনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন