যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির শ্রম বিভাগ। নতুন প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে স্থায়ীভাবে বিদেশি কর্মী নিয়োগের আগে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে নিয়োগকর্তাদের। বিশেষ করে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের চাকরিতে স্থানীয় কর্মীদের অগ্রাধিকার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়ায় নতুন শর্ত ও জটিলতা তৈরি হতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) প্রস্তাবিত নতুন বিধিমালার কথা জানায় মার্কিন শ্রম বিভাগ। আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই দশক পর স্থায়ী শ্রমিক সনদ বা পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচিতে সবচেয়ে বিস্তৃত সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
মার্কিন শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং বলেন, বিদ্যমান নিয়মের সুযোগ নিয়ে অনেক প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের যথাযথভাবে বিবেচনা না করেই বিদেশি কর্মীদের গ্রিনকার্ডের জন্য স্পনসর করছে। এতে স্থানীয় কর্মীরা চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বলে মনে করছে শ্রম বিভাগ।
তিনি বলেন, ‘আমেরিকান কর্মীরা বিশ্বের সেরা। চাকরির ক্ষেত্রে প্রথম ও সেরা সুযোগগুলো তাদেরই প্রাপ্য।’ নতুন প্রস্তাবের মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগের আগে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
প্রস্তাবিত বিধিমালায় নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো চাকরির বিজ্ঞাপন প্রকাশের পদ্ধতি পরিবর্তন। বর্তমানে প্রচলিত পদ্ধতির পরিবর্তে নিয়োগকর্তাদের অনলাইনে চাকরির বিজ্ঞাপন প্রচার করতে হবে। পাশাপাশি কোনো পদে নিয়োগের জন্য অন্তত ৯০ দিন বিজ্ঞাপন চালু রাখতে হবে।
শুধু বিজ্ঞাপন প্রকাশ করলেই হবে না, যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগের জন্য আন্তরিক প্রচেষ্টা চালানো হয়েছে—এমন প্রমাণও দেখাতে হবে প্রতিষ্ঠানগুলোকে। অর্থাৎ কোনো পদে যোগ্য মার্কিন নাগরিক আবেদন করলে তাকে যথাযথভাবে বিবেচনা না করে সরাসরি বিদেশি কর্মী নিয়োগের সুযোগ সীমিত করা হবে।
এ ছাড়া নির্দিষ্ট কোনো বিদেশি কর্মীকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে চাকরির বিজ্ঞপ্তি বা নিয়োগের শর্ত সাজানোর সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে, নিয়োগকর্তারা এমন কিছু বিশেষ যোগ্যতা বা শর্ত নির্ধারণ করেন, যা কেবল তাদের পছন্দের বিদেশি কর্মীর সঙ্গে মিলে যায়। নতুন নিয়মের মাধ্যমে এ ধরনের অনিয়ম ঠেকাতে চায় মার্কিন শ্রম বিভাগ।
প্রস্তাবিত পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কয়েকটি পেশার ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক ছাড় বাতিল করা। বর্তমানে ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান ও শিল্পকলায় বিশেষ দক্ষতাসম্পন্ন কিছু কর্মীর ক্ষেত্রে শ্রমবাজার যাচাই ছাড়াই স্থায়ী শ্রমিক সনদ পাওয়ার সুযোগ রয়েছে। নতুন বিধিমালায় এসব ছাড় তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এর ফলে এসব পেশায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রেও মার্কিন শ্রমবাজারের পরিস্থিতি যাচাই করতে হতে পারে। নিয়োগকর্তাদের প্রমাণ করতে হবে, সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়ার মতো যোগ্য মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না অথবা স্থানীয় কর্মীদের নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রচেষ্টা চালানো হয়েছে।
নিয়োগকর্তাদের ওপর আরও একটি বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান গত দুই বছরের মধ্যে মার্কিন কর্মীদের ছাঁটাই করেছে, তারা একই ধরনের বা কাছাকাছি পদে বিদেশি কর্মী নিয়োগের জন্য শ্রম বিভাগের সনদ চাইতে পারবে না। এর মাধ্যমে স্থানীয় কর্মীদের চাকরি থেকে বাদ দিয়ে একই পদে বিদেশি কর্মী নিয়োগের প্রবণতা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।
মার্কিন শ্রম বিভাগের এই উদ্যোগ দেশটির অভিবাসন ও কর্মসংস্থান নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যেসব বিদেশি কর্মী নিয়োগকর্তার স্পনসরশিপের মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রে কর্মরত অনেক বিদেশি পেশাজীবী নিয়োগকর্তার মাধ্যমে স্থায়ী শ্রমিক সনদ পাওয়ার পর গ্রিনকার্ডের জন্য আবেদন করেন। এ প্রক্রিয়ায় নিয়োগকর্তাকে সাধারণত প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট চাকরির জন্য পর্যাপ্ত যোগ্য মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না এবং বিদেশি কর্মী নিয়োগের কারণে স্থানীয় কর্মীদের মজুরি বা কর্মপরিবেশের ক্ষতি হচ্ছে না। নতুন প্রস্তাবে এই যাচাই-বাছাই আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এখনই নতুন নিয়ম কার্যকর হচ্ছে না। প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনকে ৬০ দিনের মধ্যে মতামত জানানোর সুযোগ দেওয়া হবে। এসব মতামত পর্যালোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে স্থানীয় কর্মীদের অগ্রাধিকার নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে দেশটির শ্রম বিভাগ। প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হলে বিদেশি কর্মীদের নিয়োগ এবং গ্রিনকার্ড স্পনসর করার ক্ষেত্রে নিয়োগকর্তাদের আগের তুলনায় অনেক বেশি নিয়ম মেনে চলতে হবে। তবে চূড়ান্ত বিধিমালায় কী ধরনের পরিবর্তন আসবে, তা নির্ভর করছে পরবর্তী পর্যালোচনা ও মতামত গ্রহণের প্রক্রিয়ার ওপর।
পড়ুন:নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থানচেষ্টার’ অভিযোগ, গোপন ষড়যন্ত্র ঘিরে রহস্য
ইমি/


