মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের ওপর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের (ASEAN) বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে জোটের নেতারা। ২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা এবং দেশটির সামরিক বাহিনী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার (১৫ নভেম্বর) আসিয়ানের নেতারা এ বিষয়ে একমত হন। একই সঙ্গে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহালের ক্ষেত্রে অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়ার নীতিও গ্রহণ করেছে জোটটি।
আসিয়ান সম্মেলনের এক প্রতিনিধির বরাত দিয়ে জানা গেছে, মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহালের বিষয়ে সদস্য দেশগুলো ‘ক্যালিব্রেটেড এনগেজমেন্ট’ বা পরিস্থিতি ও অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে সম্পৃক্ত হওয়ার কৌশল অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মিয়ানমার সংকট সমাধানে কী ধরনের অগ্রগতি দেখাচ্ছে, তা পর্যবেক্ষণ করেই দেশটির সঙ্গে সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে আসিয়ান।
এ ছাড়া মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় আসিয়ান চেয়ারের বিশেষ দূতের ভূমিকারও প্রশংসা করেছেন জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। সংকট সমাধানে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে অগ্রগতি অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
মিয়ানমারের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বা ‘ফাইভ-পয়েন্ট কনসেনসাস’ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে সম্মেলনে। এ ঐকমত্য অনুযায়ী, মিয়ানমারের সঙ্গে গঠনমূলক ও নীতিগত আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের। সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
আসিয়ান প্রতিনিধিরা জানিয়েছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। দেশটিতে এখনো বোমাবর্ষণ ও সশস্ত্র সংঘাত চলছে। এসব সহিংসতার কারণে সাধারণ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ও মানবিক সংকট নিয়েও উদ্বেগ বাড়ছে।
প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের পরিস্থিতি মোকাবিলায় দেশটির জান্তা সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, তা ধাপে ধাপে পর্যবেক্ষণ করবে আসিয়ান। শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা বন্ধ এবং রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখা গেলে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে দেশটির সংঘাত আরও বিস্তৃত হয়েছে।
এই সংকটের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এপ্রিলে আসিয়ান মিয়ানমার পরিস্থিতি সমাধানে পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করে। এর মধ্যে রয়েছে সহিংসতা অবিলম্বে বন্ধ করা, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু করা, আসিয়ান চেয়ারম্যানের বিশেষ দূত নিয়োগ, বিশেষ দূতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ এবং মানবিক সহায়তা প্রদান।
তবে এসব উদ্যোগের প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের সামরিক নেতৃত্বের ওপর চাপ বজায় রেখেছে আঞ্চলিক জোটটি। বিশেষ করে দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আসিয়ানের উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠকে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হয়েছে।
আসিয়ানের এই অবস্থানের ফলে মিয়ানমারের সামরিক সরকারের আঞ্চলিক কূটনৈতিক বিচ্ছিন্নতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে জোটটি সরাসরি যোগাযোগ বন্ধ না করে আলোচনার পথ খোলা রাখার পক্ষেই অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে, মিয়ানমার সংকট দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সংঘাত শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা, শরণার্থী পরিস্থিতি ও সীমান্ত ব্যবস্থাপনাতেও প্রভাব ফেলছে।
সব মিলিয়ে মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে আসিয়ান। তবে সহিংসতা বন্ধ ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে বাস্তব অগ্রগতি না আসা পর্যন্ত মিন অং হ্লাইংয়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরে পাওয়ার পথ যে সহজ হচ্ছে না, জোটের সর্বশেষ সিদ্ধান্তে সেটিই স্পষ্ট হয়েছে।
পড়ুন:বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র
ইমি/


