বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।
জেলার দুই সদস্য বিশিষ্ট কমিটিতে জাবেদুল ইসলাম জুয়েলকে সভাপতি এবং অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্ব) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২০১৮ সালে জেলা যুবদলের কমিটি ভেঙে দেওয়ার পর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
নতুন কমিটি ঘোষণার পর বরগুনা শহরে আনন্দ মিছিল বের করেন যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।
পড়ুন:মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান
ইমি/


