প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে নতুন মাইলফলক অর্জন করলো পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এর প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে সফলভাবে যুক্ত হয়েছে, যার মাধ্যমে শুরু হলো কেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন ও সরবরাহের নতুন অধ্যায়।

বিজ্ঞাপন

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে ‘সিনক্রোনাইজড’ করে ট্রায়াল রান শুরু হয়। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন পৌঁছায় ৩৫০ মেগাওয়াটে। গ্রিড সিনক্রোনাইজেশন হলো বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার সেই প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের সঙ্গে জাতীয় গ্রিডের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির সামঞ্জস্য যাচাই করা হয়।

তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার এই ঘটনাকে বাণিজ্যিক উৎপাদন বলা চলে না। এটি মূলত পরীক্ষামূলক প্রক্রিয়া। এর পরবর্তী ধাপে বিভিন্ন উৎপাদনক্ষমতায় কেন্দ্রটির যন্ত্রপাতি, নিরাপত্তাব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা পরীক্ষা করা হবে। এর আগে গত ১১ অক্টোবর রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরু হয়েছিল। ওই সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানিয়েছিলেন, জাতীয় গ্রিডে সংযোগের পর বিভিন্ন উৎপাদনক্ষমতায় সাত থেকে আট মাস পর্যন্ত পরীক্ষামূলক কার্যক্রম চলতে পারে, তবে প্রতিটি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী ধাপগুলো।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই প্রকল্পের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ দুই ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মূল মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও, ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে দুই দফায় মেয়াদ বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। এর ফলে প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায়।

প্রথম ধাপে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। প্রথম ধাপে এই কেন্দ্র থেকে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই সময়ে টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে। পরবর্তীতে কারিগরি পরীক্ষার জন্য গ্রিড থেকে বিদ্যুৎকেন্দ্রটিকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

কমিশন জানিয়েছে, প্রতিটি ধাপের পরীক্ষায় যন্ত্রপাতির কার্যক্ষমতা সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিয়ে পরবর্তী ধাপে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এছাড়া রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের এই পরীক্ষামূলক পরিচালনা শেষ হলেই প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন,

“আজ আমাদের প্রথম সিনক্রোনাইজ করে আমরা গ্রিডে টেস্ট করলাম। আমরা আমাদের ট্রান্সমিশনে বিদ্যুৎ দিলাম এবং আমরা টেস্ট করে দেখলাম যে ৩৬০ মেগাওয়াট পর্যন্ত আমরা দিচ্ছি।”

তিনি আরও যোগ করেন, “মাশাআল্লাহ, অল ইজ ফাইন। এখন এই মুহূর্তে ৩০০ মেগাওয়াট পর্যন্ত এনে আমরা এটা আপাতত স্টেবল করে রেখে দিয়েছি। তো এটা দুই-একদিন থাকবে। আরও অনেক টেস্ট আছে। যখন আমরা কিছুদিন পর চূড়ান্তভাবে ন্যাশনাল গ্রিডে যাব। আস্তে আস্তে আমরা রেইজ করব। জানুয়ারির মধ্যেই আমরা চেষ্টা করব ১২শ বা ১১শ মেগাওয়াট দেওয়ার জন্য।”

মানুষের ঘরে কবে বিদ্যুৎ যাবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, “সবচেয়ে বড় কথা যে, আমরা আজকে আমরা আমাদের পাওয়ার প্ল্যান্টটা টেস্টেড অপারেশন করলাম আজকে। এটা অনেক বড় খবর যে, আজকে যে ৩৬০ মেগাওয়াট পর্যন্ত আমাদের ন্যাশনাল গ্রিডে এই বিদ্যুৎটা দিয়ে টেস্ট করলাম এবং সাকসেসফুলি উই হ্যাভ ডান দ্যাট। এটা একটা স্টেপ। এখন নেক্সট স্টেপ হবে আস্তে আস্তে করে আমরা এটা বাড়িয়ে বাড়িয়ে জানুয়ারির দিকে এই পর্যন্ত আমরা যেটা এক হাজার থেকে ১২শ মেগাওয়াট আছে, এটাতে নিয়ে যাব। এগুলো সবকিছু কিন্তু ন্যাশনাল গ্রিডেই যাবে। ন্যাশনাল গ্রিডে আস্তে আস্তে সব যাবে।”

উল্লেখ্য, এর আগে গত সোমবার বিদ্যুৎ প্রকল্পটির নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা গ্রিড সিনক্রোনাইজেশনের বিষয়টি ব্যাখ্যা করেন।

প্রকল্প পরিচালক কবীর হোসেন জানিয়েছিলেন,“গ্রিড সিনক্রোনাইজেশন হচ্ছে একটা টেস্ট। কারণ গ্রিড সিনক্রোনাইজ করলে দেখা যাবে গ্রিডের সাথে নিচ্ছে কিনা, যাকে দিচ্ছি সে নিচ্ছে কিনা, এটা একটা টেস্ট, এটা কিন্তু বিদ্যুৎ দেয় না। এই টেস্টের সময়ও বিদ্যুৎ যাবে। তো এই টেস্টটা যেহেতু ফার্স্ট টাইম যাবে, পাঁচ ঘণ্টার জন্য হোক আর ১০ ঘণ্টার জন্য হোক, তা যাবে। এটা যাওয়ার পরে টেস্ট করার পরে বোঝা যাবে, গ্রিডে দেওয়ার উপযোগী কি না।”

তিনি আরও জানান, পরীক্ষায় গ্রিডে দেওয়ার উপযোগী হওয়ার ফল মিললে চূড়ান্ত পর্যায়ে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ দেওয়া হবে।

পড়ুন : পদত্যাগ করলেন ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন