অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু

দেশে টেকসই অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) জোরদার করে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে যৌথভাবে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ পিপিপি ফোরামে’ আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিশিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ এবং অবকাঠামো বিশেষজ্ঞদের সামনে প্রকাশনাটির মূল তথ্য, পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়। এতে বাংলাদেশের ক্রমবিকাশমান পিপিপি কাঠামোর বর্তমান অবস্থা, বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের একটি শক্তিশালী পাইপলাইন বা তালিকা তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ ও উন্নত জনসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং মূলধন কাজে লাগানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। তাঁর মতে, একটি সফল পিপিপি বাজার গড়ে তুলতে সুষ্ঠু নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রক্রিয়া এবং যথাযথভাবে প্রস্তুত করা প্রকল্প অপরিহার্য। এই ‘পিপিপি মনিটর’ প্রয়োজনীয় নীতিগত সংস্কারের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি টেকসই বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এডিবির ‘পিপিপি মনিটর’ সিরিজে পাঁচ শতাধিক গুণগত ও পরিমাণগত সূচকের মাধ্যমে সংস্থাটির উন্নয়নশীল সদস্য দেশগুলোর পিপিপি পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে তৈরি বিশেষ এই সংস্করণে দেশের জাতীয় পিপিপি কাঠামো, প্রকল্প প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া, সরকারি সহায়তা ব্যবস্থা এবং আটটি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের বাজারের পরিপক্বতা মূল্যায়ন করা হয়েছে। খাতগুলো হলো—সড়ক, রেলপথ, বন্দর (সমুদ্রবন্দর), বিমানবন্দর, জ্বালানি, পানি ও পয়ঃনিষ্কাশন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং সামাজিক অবকাঠামো। পাশাপাশি এতে স্থানীয় সরকার পর্যায়ে পিপিপি এবং পৌর অর্থায়নের বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে। আগামী ২০২৭ সালের শুরুর দিকে এই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ফোরামের আলোচনায় বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এজেন্ডা এবং বৃহত্তর বেসরকারি খাত উন্নয়ন সংস্কারে পিপিপির ভূমিকার ওপর আলোকপাত করা হয়, যেখানে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে এডিবির সহায়তাপুষ্ট উদ্যোগগুলোর বিষয়টিও উঠে আসে। অংশগ্রহণকারীরা পিপিপি ব্যবস্থাকে কার্যকর করতে প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং স্পষ্ট উন্নয়নমূলক সুফল ও বাস্তবসম্মত বেসরকারি অংশগ্রহণের সুযোগ রয়েছে এমন প্রকল্পের সুনির্দিষ্ট তালিকা তৈরির ওপর জোর দেন। এ জন্য উন্নত প্রকল্প প্রস্তুতি, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ক্রয় বা দরপত্র প্রক্রিয়া, ঝুঁকির সুষম বণ্টন, চুক্তির ক্ষেত্রে পূর্বানুমানযোগ্যতা এবং প্রাথমিক পর্যায় থেকেই বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়।

এ ছাড়া আলোচনায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অধীনে প্রাতিষ্ঠানিক রূপান্তরের বিষয়টিও গুরুত্ব পায়। সেখানে সুস্পষ্ট পরিচালন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় এবং চলমান পিপিপি প্রকল্পগুলো পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পড়ুন : প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন