​গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন মামলায় তৌহিদ আরমানের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় হেরোইন রাখার অপরাধে মো. তৌহিদ আরমান সিমান্ত (৩০) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম সরকার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি তৌহিদ আরমান সিমান্ত আদালতে উপস্থিত ছিলেন।

​সাজাপ্রাপ্ত তৌহিদ আরমান সিমান্ত গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড পশ্চিমপাড়ার মো. রোমান আরফিন সুমনের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইবুদ্দিন সরকার ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পৌরসভার পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের সামনে মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টার সময় মো. শহিদুল ইসলাম শান্তর মাইক্রো গ্যারেজের ভেতর থেকে ৪৩ গ্রাম হেরোইনসহ তৌহিদ আরমান সিমান্তকে আটক করা হয়। উদ্ধারকৃত ওই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার টাকা।

​ঘটনার দিনই গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ শুনানির পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। দেশব্যাপী মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে আদালতের এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

​অন্যদিকে, আসামি পক্ষের আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু।

বিজ্ঞাপন

পড়ুন : নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ২১৪ বস্তা সার উদ্ধার 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন