হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা

প্রকৃতির খামখেয়ালিপনায় এমনিতেই দিশেহারা নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষকেরা। গত বোরো মৌসুমে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে স্বপ্ন, যেটুকু ধান ঘরে উঠেছিল তারও ন্যায্যমূল্য জোটেনি। আগামী মৌসুমের আবাদ নিয়ে যখন নিম্ন আয়ের পরিবারগুলোর কপালে চিন্তার ভাঁজ, ঠিক তখনই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সন্তানদের শিক্ষাব্যয়। খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭ এর ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের মহোৎসব চলছে। সবচেয়ে আক্ষেপের বিষয়, এই বাড়তি টাকার বিপরীতে দেওয়া হচ্ছে না কোনো রসিদ, উল্টো জুটছে শিক্ষকদের দুর্ব্যবহার।

প্রত্যন্ত এই জনপদের সাধারণ অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৬ নভেম্বর থেকে বিদ্যালয়টিতে শুরু হয়েছে এসএসসি পরীক্ষার ফরম পূরণ। শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে দুই হাজার ৩১৫ টাকা। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে তিন হাজার দুইশো টাকা। অর্থাৎ, জনপ্রতি অতিরিক্ত ৮৮৫ টাকা নেওয়া হচ্ছে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে।

অভাবের সংসারে তিন হাজার টাকা জোগাড় করাই যেখানে কষ্টকর, সেখানে বাড়তি টাকার চাপ সইতে না পেরে অনেক শিক্ষার্থীই মানসিকভাবে ভেঙে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর অভিজ্ঞতা রীতিমতো শিউরে ওঠার মতো। ওই শিক্ষার্থী জানায়, অনেক কষ্টে পরিবার থেকে তিন হাজার টাকা জোগাড় করে সে ফরম পূরণ করতে যায়। কিন্তু নির্ধারিত ৩ হাজার ২০০ টাকার চেয়ে ২০০ টাকা কম হওয়ায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া চরম দুর্ব্যবহার করেন এবং টাকাগুলো ছুড়ে ফেলে দেন। অপমানিত ওই শিক্ষার্থী শেষ পর্যন্ত আর ফরম পূরণই করতে পারেনি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত তরফদার নামের এক অভিভাবক বলেন, “বোর্ড নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা চাওয়া হচ্ছে। আর এই টাকা নেওয়ার পর কোনো রসিদও দেওয়া হচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ যেন নিজেদের খেয়ালখুশি মতো টাকা আদায়ের এক অঘোষিত রাজত্ব কায়েম করেছে।”

অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া তিন হাজার ২০০ টাকা নেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেন। বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৮৮৫ টাকা কেন নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এই টাকা ‘কেন্দ্র ফি’ বাবদ নেওয়া হচ্ছে।

অথচ শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্ধারিত দুই হাজার ৩১৫ টাকার ভেতরেই কেন্দ্র ফি বাবদ ৪৮৫ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই তথ্য তুলে ধরে অতিরিক্ত টাকা আদায় ও রসিদ না দেওয়ার কারণ জানতে চাইলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন এই শিক্ষক। তিনি দম্ভের সঙ্গে বলেন, “আপনি কি প্রশাসনের লোক যে আপনার কথায় চলতে হবে? দেশের কোন জায়গায় ফরম পূরণ বাবদ রসিদ দেয়, এটা আমাকে দেখান।” এটুকু বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তবে তার যুক্তি ভিন্ন। তিনি বলেন, “আমরা সেশন ফি বাবদ বাড়তি টাকা নিচ্ছি। আমাদেরও তো কিছু বাড়তি খরচ আছে।” একই শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে সেশন ফি নেওয়ার কোনো আইনি বিধান আছে কি না এবং বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের যৌক্তিকতা কী- এমন প্রশ্ন করা হলে তিনি ‘পরে কথা বলবেন’ বলে এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।

কেবল অতিরিক্ত ফি আদায়ই নয়, বিদ্যালয়টির সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়েই স্থানীয় সচেতন মহলে চরম অসন্তোষ বিরাজ করছে। অভিভাবকেরা জানান, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না, শিক্ষকেরা প্রায়ই অনুপস্থিত থাকেন এবং নির্ধারিত সময়সূচি মেনে বিদ্যালয় খোলা বা বন্ধ করা হয় না। এসব বিষয়ে প্রধান শিক্ষককে বারবার জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করেননি।

শুধু তাই নয়, বিদ্যালয়টিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কোনো শাখা নেই। বাধ্য হয়ে শিক্ষার্থীদের কেবল মানবিক বিভাগেই পড়াশোনা করতে হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তারা জানান, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি ছয় বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদেরও টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন! যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ায় পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও পাসের হার নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, “শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনোই সুযোগ নেই। বিষয়টি জানার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি অতিরিক্ত টাকা নেওয়া হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হাওরাঞ্চলের আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া জনপদের মানুষের কাছে শিক্ষা একটি আলো, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। সেই স্বপ্নকে পুঁজি করে বাঘাটিয়া উচ্চ বিদ্যালয়ের রসিদবিহীন ‘ফি-বাণিজ্য’ ও প্রশাসনিক অনিয়ম দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আদায়কৃত অর্থের প্রকৃত খাত, রসিদ না দেওয়ার পেছনের উদ্দেশ্য এবং বিদ্যালয়ের সার্বিক পাঠদান কার্যক্রম নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। অন্যথায়, অভাব আর অনিয়মের জাঁতাকলে পড়ে ঝরে যাবে হাওরের সম্ভাবনাময় অনেক প্রাণ।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন