নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে একদল নেতাকর্মী জামতলায় শামীম ওসমানের বাড়িতে জড়ো হন। একপর্যায়ে সেখানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বিশেষ করে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ স্লোগান দিয়ে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে এলাকায় মহড়া দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।”
পড়ুন : জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


