জন্মনিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান সুনামগঞ্জে পরামর্শ সভা

জন্মনিবন্ধন একজন নাগরিকের প্রথম আইনগত পরিচয়ের দলিল। এ সেবা প্রদানে কোনো ধরনের বিলম্ব, অতিরিক্ত অর্থ আদায় কিংবা নাগরিক হয়রানির সুযোগ নেই। জন্মনিবন্ধন সেবা সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে জন্মনিবন্ধন, নাগরিকদের দৃষ্টিভঙ্গি, সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের (জিআইইউ) যুগ্মসচিব ও পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারী।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং গভর্নমেন্টস ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও ট্রেডিং ইনস্টিটিউশনাল পলিসিজ অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস), ইউএনডিপির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, জন্মনিবন্ধন সনদ শিক্ষা, চাকরি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজন হয়। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতন নন। তাদের সচেতন করতে হবে এবং নিজ উদ্যোগে জন্মনিবন্ধনের আওতায় আনতে হবে।

জন্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য কোনো নাগরিককে মাসের পর মাস অফিসে ঘুরতে দেওয়া যাবে না। এটি সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করা উচিত। এ সময়ের মধ্যে নিবন্ধনের জন্য কোনো সরকারি ফি লাগে না। এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে নিবন্ধন সহকারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও পুরোহিতদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জালিয়াতি প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, পরিচয় গোপন করে জন্মনিবন্ধন নেওয়ার অপচেষ্টা ঠেকাতে আবেদনকারীর বাবা-মায়ের পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। তবে প্রকৃত যোগ্য নাগরিক যেন কোনোভাবেই অযথা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ভুল তথ্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, টিকাদান, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহজ, স্বচ্ছ ও কার্যকর নাগরিকসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পন্ন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জন্মনিবন্ধনের তথ্য যাচাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে।

সুনামগঞ্জ জেলার জন্মনিবন্ধন কার্যক্রমের অবস্থান ২৫তম উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের সিনিয়র সহকারী সচিব ও উপপরিচালক নাভিদ রেজওয়ানুল কবীর, এসআইপিএস-ইউএনডিপির প্রজেক্ট অফিসার মো. সিহাব উন সাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেস সিংহ মিথুন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক খলিল রহমান, বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, জালাল উদ্দিন নাসিম, মুশফিক স্বপন, সুনামগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম উদ্দিন এবং কুরবাননগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিতালী বেগম তালুকদার প্রমুখ।

এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারী, ইমাম, কাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বিরল ও হরিপুর সীমান্তে বিজিবির রাতব্যাপী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন