সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের পারিবারিক বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তু ব্যবহার করে গেটে আগুন দেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় কয়েকজনের দাবি, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতের কোনো একসময় প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে কাপড়জাতীয় কিছু দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক থাকে। বাসাটিতে প্রতিমন্ত্রী হুমায়ূন কবির সিলেটে সফরে এলে অবস্থান করেন।

ঘটনার পর আগুনের উৎস ও হামলার ধরন নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে কিংবা এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন