ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি সবজির বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার। বৃষ্টির কারণে বাজারে ক্রেতা ও পাইকারদের উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনায় দেখা দিয়েছে বড় ধরনের মন্দা। এর প্রভাবে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। কোথাও কোথাও উৎপাদন ও পরিবহন খরচের চেয়েও কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। এতে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি নিয়ে আসা পাইকারদের পাশাপাশি স্থানীয় কৃষকেরাও পড়েছেন লোকসানের শঙ্কায়।
শুক্রবার (২০ নভেম্বর) নিমসার বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে বাজারের চিরচেনা ব্যস্ততা অনেকটাই উধাও। অন্যান্য দিনের তুলনায় ক্রেতা ও পাইকারদের আনাগোনা কম। বাজারের বিভিন্ন আড়ত ও বিক্রয়কেন্দ্রে সারি সারি সবজি সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন ব্যবসায়ীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। পচনশীল পণ্য হওয়ায় একপর্যায়ে বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করছেন তাঁরা।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনের ব্যবধানে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম উল্লেখযোগ্য হারে কমেছে। আগে প্রতি কেজি শিম ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৩০ থেকে ৩৫ টাকার শসা নেমে এসেছে ১০ থেকে ১৫ টাকায়। তাল বেগুন বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে। অন্যদিকে, বৃষ্টির আগে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া করলার দাম কমে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।
দাম কমলেও বাজারে ক্রেতা না থাকায় স্বস্তি নেই ব্যবসায়ীদের। অন্যদিকে, পাইকারি বাজারে দরপতনের প্রভাব খুচরা বাজারেও পড়তে পারে। তবে পাইকারি দামে সবজির দর কমলেও খুচরা পর্যায়ে তার পুরো সুবিধা ভোক্তারা পাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ব্যবসায়ীদের দাবি, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি হিসাব করলে বর্তমান দামে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
জামালপুর থেকে তাল বেগুন নিয়ে আসা ব্যবসায়ী অহিদুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে বাজারে ক্রেতা নেই। প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা লোকসানে বিক্রি করতে চাইলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। দূর থেকে সবজি নিয়ে এসে এখন কীভাবে খরচ তুলব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ব্যবসায়ী সুমন মিয়া বলেন, ‘বুধবারও যে করলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছি, এখন তা ৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দাম কমিয়েও ক্রেতা মিলছে না। বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও খারাপ হবে।’
আরেক ব্যবসায়ী মো. শহিদুল্লাহ বলেন, ‘কাঁচা সবজি নিয়ে আমরা বিপাকে পড়েছি। বাজারে মুলা ও ফুলকপি নিয়ে এসেছি। কিন্তু বৃষ্টির কারণে বিক্রি হচ্ছে না। সময়মতো বিক্রি করতে না পারলে এসব সবজি পচে নষ্ট হয়ে যাবে। তখন লোকসান আরও বাড়বে।’
আড়তদার জামাল হোসেন জানান, টানা বৃষ্টিতে বাজারে ক্রেতা কমে যাওয়ায় সবজি বিক্রি ব্যাহত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও পাইকারেরা সবজি নিয়ে এলেও আগের মতো বেচাকেনা হচ্ছে না। উৎপাদিত সবজি সময়মতো বিক্রি করতে না পারায় ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।
মাঠের ফসল নিয়েও দুশ্চিন্তা
শুধু বাজারে সবজির দরপতন নয়, টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন চান্দিনা, বুড়িচংসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষকেরা। জমিতে পানি জমে থাকলে সবজির গাছের গোড়ায় পচন ধরাসহ ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে জমি থেকে সবজি সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।
কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে উৎপাদন খরচের তুলনায় বাজারদর কমে যাওয়ায়। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি দিয়ে উৎপাদিত সবজি বাজারে নিয়ে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাঁদের লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিশেষ করে শিম, করলা, বেগুন, শসাসহ দ্রুত পচনশীল সবজি নিয়ে বিপাকে রয়েছেন কৃষকেরা। জমি থেকে সবজি সংগ্রহের পর তা দ্রুত বাজারজাত করতে না পারলে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আবার নিমসার বাজারে নিয়ে এসেও ক্রেতা না পাওয়ায় অনেককে কম দামে বিক্রি করতে হচ্ছে। সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাজার পরিস্থিতি স্বাভাবিক না হলে তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
চান্দিনা এলাকার কৃষক মহিন উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে সবজি চাষ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। একদিকে জমি থেকে সময়মতো সবজি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে নিমসার বাজারে দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তোলাও অনিশ্চিত হয়ে পড়েছে।
বুড়িচং এলাকার কৃষক আবেদ মিয়া বলেন, সবজি উৎপাদনে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। কিন্তু বাজারে ক্রেতা কম থাকায় কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে উৎপাদন খরচ বাদ দিয়ে লাভ তো দূরের কথা, মূলধন হারানোর আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে টানা বৃষ্টিতে নিমসারের পাইকারি সবজির বাজারে তৈরি হয়েছে স্থবিরতা। বাজারে সবজির সরবরাহ থাকলেও ক্রেতার অভাবে কমেছে বেচাকেনা, নেমেছে দাম। এতে একদিকে মাঠের ফসল নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকেরা, অন্যদিকে দূরদূরান্ত থেকে সবজি নিয়ে আসা পাইকার ও স্থানীয় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। বৃষ্টির পরিস্থিতি দীর্ঘায়িত হলে মাঠ থেকে বাজার পর্যন্ত সবজি সরবরাহব্যবস্থায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না, তবে শাক-সবজির উপর বেশী প্রভাব পড়বে। বিশেষ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আক্রান্ত বেশী। তবে পানি যদি জমে না থাকে তাহলে ক্ষয়ক্ষতি কম হবে।
পড়ুন : সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পদ স্থগিত, ক্ষমা চেয়ে ছাড় পেলেন বিএনপি নেতা


