রুশ-অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলকে সংযুক্ত করা সেতুতে ইউক্রেনের হামলার পর কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সেই হুঁশিয়ারির পরদিনই শুক্রবার (২০ নভেম্বর) রাতভর ইউক্রেনজুড়ে অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। দেশটির বিদ্যুৎ অবকাঠামো, সেতু ও রেল ব্যবস্থাসহ বিভিন্ন স্থাপনায় চালানো এই হামলায় অন্তত আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জ্বালানি, সরবরাহব্যবস্থা ও রেল অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ৪০০টির বেশি ড্রোন এবং ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার এই হামলার কৌশলকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, ‘এটি ছিল অন্যতম বড় হামলা। পুতিন অত্যন্ত প্রদর্শনমূলকভাবে এ হামলা চালিয়েছেন। সামরিক ও কূটনৈতিক অক্ষমতা আড়াল করতে রাশিয়া এ ধরনের সন্ত্রাস ও জীবননাশী হামলার আশ্রয় নিচ্ছে।’ তিনি আরও উল্লেখ করেন, ক্ষেপণাস্ত্রগুলো ২০ থেকে ৩০ মিনিটের বিরতিতে একের পর এক আঘাত হেনেছে। অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ছোড়া ৩৮০টি ড্রোন, ৭৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
সাউথ চায়না মর্নিংয়ের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভে এটিই রাশিয়ার অন্যতম বড় হামলা। রাতভর কয়েক ডজন বিস্ফোরণের শব্দে শহরটি কেঁপে উঠলে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশনে অবস্থান নেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, দিনিপ্রো নদীর ওপর দিয়ে দুই তীরকে যুক্ত করা পোদিলস্কো-ভসক্রেসেনস্কি, দারনিৎস্কি ও পিভদেনি সেতু ছিল রুশ হামলার লক্ষ্যবস্তু। এ পরিস্থিতিতে তিনি বাসিন্দাদের গাড়িতে করে কর্মস্থলে যাতায়াত না করার পরামর্শ দেন।
হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি জানিয়েছেন, কিয়েভে মোট ছয়জন নিহত হয়েছেন। কিয়েভ কর্তৃপক্ষের তথ্যমতে, একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলায় তিন কর্মী নিহত হওয়ায় রাজধানীর চারটি জেলায় পানির চাপ কমে গেছে এবং কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, কিয়েভের পাঁচটি জেলার কিছু বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
রাজধানীর বাইরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের স্কনিলিভ রেলস্টেশনে হামলায় দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লভিভের মেয়র আন্দ্রি সাদোভি। রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান উক্রজালিজনিৎসিয়া কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উক্রেনেরগো জানিয়েছে, লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে পাঁচজন এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি হাসপাতালে রুশ ড্রোন হামলায় আরও চারজন আহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর চলতি বছর যুদ্ধের সম্মুখসারিতে অগ্রগতি অনেকটাই থমকে আছে। ফলে দুই পক্ষই আকাশপথে হামলা বাড়িয়েছে; যেখানে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগার নেটওয়ার্কে হামলা চালাচ্ছে, সেখানে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সম্প্রতি ইউক্রেন তৃতীয়বারের মতো ক্রিমিয়া সেতুতে হামলা চালানোর পর বৃহস্পতিবার পুতিন কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এদিকে রাতভর হামলার সময় রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তাঁর ভাষ্যমতে, সম্ভবত দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোনসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল, যা রাশিয়ার ‘উসকানি’ হিসেবে নিন্দা জানান তিনি। অন্যদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সড়ক সীমান্তের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া।
পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সা/


