সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই সংবর্ধনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে সরকারপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য
আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধির চেয়েও বড় বিষয় হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করা; আর এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। উপস্থিত সবাইকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি উল্লেখ করেন, আজ যাঁরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাঁরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।
লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেকের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের সংবর্ধনা ও সম্মানী দেওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়, এবং তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে। নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্মরণ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।
বয়সের ভারে ক্লান্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জীবনসায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। এই জীবন্ত কিংবদন্তিদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রশংসা ও ধন্যবাদ জানান।
ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ ছাড়া সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পড়ুন : সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
সা/


