যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। ২০২৬ সালের এই আসরে তিনি ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ জিতেছেন, যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরও একটি আন্তর্জাতিক সাফল্য হিসেবে যুক্ত হলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই অর্জনের কথা নিজেই জানিয়েছেন তুষি। আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ায় আনন্দ প্রকাশ করে তিনি বলেছেন, পুরস্কারটি তাঁর জন্য অত্যন্ত সম্মান ও আনন্দের।
তুষির ভাষ্য অনুযায়ী, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই পুরো টিমের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছিল। এশিয়ার সেরা ও মৌলিক গল্পগুলো হলিউডের মঞ্চে বিশ্বব্যাপী দর্শকদের সামনে উপস্থাপনের সুযোগ পাওয়াকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন তিনি; পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র তুলে ধরতে পারার বিষয়টিও উল্লেখ করেছেন।
এই সাফল্যের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানিয়েছেন তুষি, যাঁরা সবসময় তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিলেন। ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কথাও তিনি বিশেষভাবে স্মরণ করেছেন।
নিজের এই প্রাপ্তিকে একক সাফল্য না বলে সম্মিলিত অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী। তাঁর মতে, ‘রইদ’ চলচ্চিত্রের পুরো দল, কলাকুশলী এবং সিনেমাটি নির্মাণ থেকে শুরু করে বৈশ্বিক পরিসরে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত সবারই এই সম্মাননায় অংশ রয়েছে। পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সংশ্লিষ্ট সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানান তিনি।
পড়ুন : বশির আহমেদ সম্মাননা পেলেন রুনা লায়লা ও শবনম
সা/


