যথাযোগ্য মর্যাদায় বন্দরনগরী মোংলায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (২১ নভেম্বর) মোংলার দিগরাজ নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজটি একনজর দেখতে ও ভেতরে ঘুরে দেখতে মোংলা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক উৎসুক জনতা, শিক্ষার্থী ও অভিভাবক ভিড় জমান। নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখান।
এর আগে, বাদ ফজর মোংলা নৌঘাঁটির সকল মসজিদে মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ১০ টার দিকে নৌঘাঁটি ও জাহাজসমূহে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্থানীয় নৌবাহিনী শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুলনা নৌ অঞ্চলের আয়োজনে খুলনার বানৌজা তিতুমীর ঘাঁটিতে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এই দিনে (২১ নভেম্বর) বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল। তিন বাহিনীর এই সমন্বিত অভিযানের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮০ এর দশকের মাঝামাঝি সময় থেকে প্রতি বছর ২১ নভেম্বরকে জাতীয়ভাবে ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালন করা হয়।
পড়ুন : নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ


