চলতি নভেম্বরে দেশের বাজারে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে একলাফে ভরিপ্রতি ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। সবমিলিয়ে টানা ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। সেই সঙ্গে রোববার (২২ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হওয়ার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ১ হাজার ৯২৫ টাকা।
পড়ুন : স্বর্ণের দাম আবারও একলাফে কমলো ৬১৮২ টাকা


