ব্যাংকঋণে নানা ধরনের ছাড়, পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দিয়েও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বরং দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। ফলে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই আদায় হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। খেলাপি ঋণের এই বিশাল অঙ্ক দেশের ব্যাংক খাতের দুর্বল আর্থিক অবস্থার পাশাপাশি ঋণ আদায় ও ব্যবস্থাপনার সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
এর আগে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
এর আগে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।
অর্থাৎ চলতি বছরের প্রথম তিন প্রান্তিকেই খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ঋণ পুনঃতফসিল ও বিশেষ ছাড়ের সুযোগ দেওয়ার পরও এই প্রবণতা থামানো যায়নি।
ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের মাধ্যমে বিতরণ করা ঋণের প্রকৃত তথ্য আড়াল করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নিলে এসব ঋণের বড় অংশ খেলাপি হিসেবে শনাক্ত হয়।
এছাড়া, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক প্রভাবশালী ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যান। ফলে খেলাপি ঋণ দ্রুত বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিলেও তাতে স্থায়ী সমাধান আসেনি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। আর ক্ষমতা ছাড়ার আগে ২০২৪ সালের জুন শেষে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিএনপি সরকারের সময়েও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এতে ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রভাব এখনো কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পড়ুন : জাতীয় এসএমই পণ্য মেলা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


