সাদামাটা সেমি পাকা ঘরটির গায়ে তখন রোদের নরম আলো। সাদা দেয়ালের নিচের অংশে খয়েরি রঙের বর্ডার, লালরঙা জানালা-দরজা, আর বারান্দাজুড়ে উড়ছে লাল-নীল-হলুদ রঙের অজস্র বেলুন ও রঙিন কাগজের শিকল। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের মেঠোপথের ধারে এমন উৎসবমুখর দৃশ্য আগে কখনো দেখেনি এই পাড়ার মানুষ।
এত আয়োজন যাকে ঘিরে, সেই সুধিনী মান্দা তখনো কিছুটা সংকোচ নিয়ে দাঁড়িয়ে ছিলেন ভিড়ের একপাশে। গায়ে হলুদ রঙের চাদর জড়ানো, মুখে বয়সের ছাপ আর দীর্ঘ অভাবের ক্লান্তি। দিন আনে দিন খায়- এমন অনিশ্চিত জীবনে নিজের একটি টিনের পাকা ঘর থাকবে, তা কল্পনাও করেননি কখনো। এমনকি সরকারি তালিকায় যে তার নাম উঠেছে, সে খবরও ছিল না তার কাছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে সেই সংকোচের দেয়াল ভেঙে দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ঘরের সামনে টানানো লাল ফিতার সামনে দাঁড়িয়ে কাঁচি হাতে নিয়েও তিনি নিজে ফিতা কাটলেন না। চারদিকে তাকিয়ে খুঁজলেন ঘরের প্রকৃত মালিককে- ‘সুধিনী মান্দা কই? ওনার ঘর নাকি?’
ভিড় ঠেলে সামনে আনা হলো সুধিনীকে। ডেপুটি স্পিকার পরম আন্তরিকতায় তাকে পাশে ডেকে নিয়ে বললেন, ‘আসেন, আসেন। আপনার ঘর, আপনিই তো শুরু করবেন।’
ফিতা কাটার ঠিক আগে সুধিনী মান্দার মুখোমুখি দাঁড়িয়ে সবার সামনে ব্যারিস্টার কায়সার কামাল যে প্রশ্নটি করলেন, তা উপস্থিত গ্রামবাসী ও গণমাধ্যমকর্মীদের নজর কাড়ল। তিনি জানতে চাইলেন, ‘এই ঘর পেতে কি কাউকে কোনো টাকা-পয়সা দিতে হয়েছে? শিওর তো? কোনো চার আনা পয়সাও খরচ হয়নি তো? কিছু লুকাচ্ছেন না তো?’
সুধিনী মান্দা দৃঢ় কণ্ঠে মাথা নেড়ে বললেন, ‘না, কোনো টাকা লাগে নাই।’
তার হাতে কাঁচি তুলে দিয়ে ডেপুটি স্পিকার বললেন, ‘এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দিয়েছেন। কোনো টাকা-পয়সা লাগে না। এখন আপনার ঘর আপনিই শুরু করেন।’
যৌথভাবে লাল ফিতা কাটার মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে পরাভিটা গ্রামের উঠোন। নবনির্মিত ঘরের ভেতরে ঢুকে কক্ষ, বারান্দা ও ওয়াশরুমের ব্যবস্থা ঘুরে দেখেন ডেপুটি স্পিকার। এ সময় আবেগাপ্লুত সুধিনী নিজের অসহায়ত্বের কথা তুলে ধরলে কায়সার কামাল তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘না না, এটা আমার দয়া না। যারা অসহায় ও গরিব, তাদের নিয়েই আমরা কাজ করি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি আপনার জন্য উপহার।’
নতুন ঘরের দেয়ালে লাগানো ফলকে লেখা- ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছর, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীনদের জন্য নির্মিত এই ঘর হস্তান্তরের নেপথ্যে রয়েছে আরও স্বস্তির গল্প।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ব্যারিস্টার কায়সার কামাল জানান, দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই গৃহহীন নারীর জন্য ঘর নির্মাণ করতে গিয়ে কেবল মাথা গোঁজার ঠাঁই করে দেননি, বরং তার বেদখল বা জটিলতায় থাকা ১২ শতক সম্পত্তিও উদ্ধার করে দিয়েছেন।
গণমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শুরুতে কিছুটা জড়তায় ভুগছিলেন সুধিনী মান্দা। ডেপুটি স্পিকার সহজ করে বুঝিয়ে দিলেন, ‘তুমি যে ঘর পেয়েছ, তোমার কেমন লাগছে- ওনারা সেটাই জানতে চান।’
এরপর ভাঙা গলায়, অথচ উজ্জ্বল চোখে সুধিনী বললেন, ‘আমি খুব খুশি, অনেক আনন্দ লাগছে। আমার কোনো ঘর ছিল না, তাই অনেক কষ্টে ছিলাম। দিন আনে দিন খাই, ঘর বানানোর কোনো সামর্থ্য নাই। প্রধানমন্ত্রী যে ঘর দিয়েছেন, তাতে আমি খুবই খুশি।’ ঘর পেতে পকেট থেকে কোনো টাকা খরচ হয়েছে কি না- এমন প্রশ্নে আবারও তার স্পষ্ট উত্তর, ‘না, টাকা লাগে নাই।’
ঘর হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এই অঞ্চলের গারো, হাজংসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া। প্রকৃত অর্থে যারা গৃহহীন, আমরা খুঁজে খুঁজে তাদের ঘর দেওয়ার চেষ্টা করছি।’
বিগত সময়ে গৃহনির্মাণ প্রকল্প নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিগত দিনে ঘর নিয়ে আপনারাই বিভিন্ন প্রতিবেদন করেছেন, অনেক কিছু হয়েছে। আজ আপনারা তার বিপরীত একটি বাস্তব চিত্র দেখছেন। সুধিনী নিজেও জানতেন না তার নাম তালিকায় দেওয়া হয়েছে। আমাদের প্রয়োজন অনেক, হয়তো প্রয়োজনের তুলনায় সামর্থ্য সীমিত। তারপরও প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন কাজ অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য নেওয়া বিশেষ প্রকল্পের অংশ হিসেবেই দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে।
পাশাপাশি সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বড় সুখবর দেন তিনি। জানান, কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেঙ্গুরা, খারনৈ ও রংছাতি- এই পাঁচটি পাহাড়ি ইউনিয়নের পানির সমস্যা সমাধানে খুব শিগগিরই সাবমার্সিবল টিউবওয়েলসহ বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের শেষ ভাগে মিষ্টিমুখের পালা। সবার হাতে মিষ্টি তুলে দেওয়ার ফাঁকে নতুন ঘরের বারান্দায় দাঁড়িয়ে সুধিনী মান্দার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তির হাসি। ঝড়-বৃষ্টির রাতে আর অন্যের দুয়ারে আশ্রয় খুঁজতে হবে না- এই নিশ্চিন্ততাটুকুই হয়তো পরাভিটা গ্রামের সেই দুপুরটিকে করে তুলেছিল অনন্য।
পড়ুন : শেখ হাসিনা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি


