সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ভিপি মনজুর রহমান বকুল এবং সংগঠনটির সহ-সভাপতি মিলন সরকারের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে ভাসানী মিলনায়তনে বিএনপি নেতাদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের নেতৃত্বাধীন বাহিনী সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকারের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।
সংবাদ সম্মেলনে বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
পড়ুন : শেখ হাসিনা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি


