দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি, নাশকতা, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে বিকেলে পৌরসভার চান্দরা পলানপাড়া জামে মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথ অতিক্রম করে। পরে ছাত্তার গেট হয়ে বেলতলা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কালিয়াকৈর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সামছুল আলম সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মো. জসিম উদ্দিন বলেন, দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল সরকার বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা রক্ষায় বিএনপি, যুবদল, এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যুবদল নেতা মাহবুব, কালিয়াকৈর পৌর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ফরিদা পারভীনসহ বিএনপি, যুবদল, মহিলা দল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে বিএনপি নেতার মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন


