ঢাকার ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা দিয়েছেন ইসলামী যুব আন্দোলনের পৌর সাংগঠনিক সম্পাদক মো. খোকন মোল্লা। এলাকায় দেহ ব্যবসার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন যুবক ও আলেম-ওলামাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়ে এবার মাদকের বিরুদ্ধেও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি এলাকার একটি মাদকবিরোধী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খোকন মোল্লা বলেন, এলাকায় যখন দেহ ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়, তখন অনেক মুরুব্বিকে পাশে পাওয়া যায়নি। অথচ বাজারে কিংবা অন্য জায়গায় অনেকে এসব বিষয় নিয়ে অনেক কথা বলেন। কিন্তু যখন এলাকায় গিয়ে প্রতিবাদ করার সময় আসে, তখন তাঁদের দেখা মেলে না।
তিনি বলেন, অন্যের সন্তান মাদক বা খারাপ কাজে জড়িত হলে অনেকে সমালোচনা করেন। কিন্তু নিজের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখার ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। শুধু কথায় সমাজ পরিবর্তন হবে না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
খোকন মোল্লা আরও বলেন, স্থানীয় কয়েকজন যুবক ও আলেম-ওলামাকে সঙ্গে নিয়ে দেহ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাঁদের প্রচেষ্টায় এলাকায় আগের পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন এলাকাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চান তিনি।
তিনি বলেন, ‘যেভাবে দেহ ব্যবসার বিরুদ্ধে লড়াই করেছি, সেভাবেই মাদকের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ, বেঁচে থাকতে ৯ নম্বর ওয়ার্ড থেকে মাদক নির্মূলে কাজ করে যাব।’
বক্তব্যের একপর্যায়ে এলাকায় মুরুব্বিদের উপস্থিতি না থাকায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, এলাকার সমস্যা নিয়ে অনেকেই কথা বলেন, কিন্তু সমস্যা সমাধানে এগিয়ে আসার সময় তাঁদের অনেককে পাওয়া যায় না।
খোকন মোল্লা বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা গড়তে হলে শুধু কয়েকজন যুবক নয়, এলাকার মুরুব্বি, অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পড়ুন : ফটিকছড়িতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৬


