কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ ছয় পুলিশ সদস্য এবং পুলিশের কথিত এক সোর্সের বিরুদ্ধে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, আসামি ধরার কথা বলে গভীর রাতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।
গত সোমবার (২৩ নভেম্বর) বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আলম সাইর। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং এলাকায় সৌদি আরবপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় আসামি খোঁজার কথা বলে ভবনটির আশপাশের সড়কের দুই পাশে বেরিকেড দেওয়া হয়। পরে ভবনটিতে ভাঙচুর চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, দীর্ঘ সময় ধরে ভাঙচুরের পর ভবনে থাকা লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী একটি ট্রাকে তুলে নিয়ে যান অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। তবে কী কারণে এসব মালামাল নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দাবি করেছেন বাদী।
স্থানীয় সূত্র ও জমির কাগজপত্র অনুযায়ী, ভবনটি গত পাঁচ বছর ধরে সৌদি আরবপ্রবাসী রিয়াদ নির্মাণ করছেন। তবে পুলিশের দাবি, ভবনটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। এ নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে স্থানীয়দের দেওয়া তথ্য এবং জমির মালিকানাসংক্রান্ত নথির অসংগতি দেখা দিয়েছে।
অভিযানের ঘটনাস্থল ফাইতং পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে হলেও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন ফাঁড়ির ইনচার্জ। এতে অভিযান, ভবন ভাঙচুর এবং নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎপর হন। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের বক্তব্য, বাড়িটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। তবে জমির কাগজপত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাড়িটি সৌদি আরবপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন ভবন।
মামলার বাদী আলম সাইর চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, উপপরিদর্শক (এসআই) শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করেছেন। মামলার নম্বর সিআর ৩৪২/২৬।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পড়ুন : ফটিকছড়িতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, আহত ৬


