সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম তুললেন আওয়ামী লীগ নেতা, ক্ষুব্ধ নেতাকর্মীরা

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকারী ওই নেতার নাম শাহ জামাল আকন্দ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় তাঁর একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগের একজন নেতা কীভাবে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ পেলেন? বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দলের কিছু নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন। এমনকি অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের দলীয় সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। এতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।

তাঁদের দাবি, দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ নেতার মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টুপা সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার প্রেশার বেড়েছে, বিশ্রামে আছি। কালকে জানাতে পারব।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, মনোনয়ন ফরম উত্তোলনের কমিটিতে আমি নেই। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটিই দেখার বিষয়।

পড়ুন : মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন